মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে দুবার বদলির আবেদন করতে পারবেন কলেজ শিক্ষকরা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি কলেজে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের (প্রভাষক) চাকরির দুই বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ঢাকা মহানগর এলাকায় বদলি হতে পারবেন না। তারা বদলির আবেদনও করতে পারবেন বছরে মাত্র দুই বার। আর সব বদলির আবেদন করতে হবে ই-মেইলে।

 

রোববার সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়নের নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষকদের বদলিতে অতিরিক্ত তদবির সামলাতেই এই নীতিমালা করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রভাষকরা প্রথম দফায় জানুয়ারি মাসে ও দ্বিতীয় দফায় জুলাই মাসে বদলির আবেদন করতে পারবেন। সহকারী অধ্যাপকরা প্রথম দফায় মার্চে ও দ্বিতীয় দফায় সেপ্টেম্বরে, সহযোগী অধ্যাপকরা প্রথম দফায় মে মাসে ও দ্বিতীয় দফায় অক্টোবরে এবং অধ্যাপকরা প্রথম দফায় জুনে ও দ্বিতীয় দফায় ডিসেম্বরে বদলির আবেদন করতে পারবেন। নির্ধারিত মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে অনুমোদিত ফরমে ই-মেইলে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা যাবে। ই-মেইল ছাড়া অন্য কোনোভাবে করা আবেদন বিবেচিত হবে না।

নীতিমালা অনুযায়ী, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো শিক্ষক ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তার সুবিধামতো স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে ওই আবেদন বিবেচনা করা হবে। স্বামী ও স্ত্রী দুজনই চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর নিকটতম কর্মস্থলে বদলি বা পদায়নের জন্য আবেদন করা যাবে। তবে যেহেতু এ ধরনের কর্মকর্তার সংখ্যা অনেক, তাই বিষয়টি অধিকার হিসেবে গণ্য করা যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের সুবিধা ও জনগণের সেবাপ্রাপ্তির বিষয় একসঙ্গে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যেভাবে নিষ্পত্তি হবে আবেদন : নীতিমালা অনুযায়ী, যে মাসে আবেদন করা হবে, ওই মাসেই তা নিষ্পত্তি করা হবে। বদলির আবেদনগুলো যাচাই-বাছাই এবং সুপারিশের জন্য ‘বাছাই কমিটি’ ও ‘সুপারিশ কমিটি’ নামে দুটি কমিটি থাকবে। বাছাই কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে সুপারিশ কমিটির কাছে জমা দেবে। এরপর সুপারিশ কমিটির প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন হওয়ার পর বদলি বা পদায়নের আদেশ জারি করা হবে। উপজেলা পর্যায়ের কলেজগুলোর শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হবে। তবে নীতিমালার সাধারণ নিয়মের বাইরে সরকার জনস্বার্থে যেকোনো কর্মকর্তাকে যেকোনো স্থানে বদলি করতে পারবে।

বর্তমানেও সাধারণত চাকরি দুই বছর পূর্ণ না হলে ঢাকায় বদলি করা হয় না কলেজ শিক্ষকদের। তবে সবসময় এটি মানা হয় না। এখন নীতিমালা করে বদলিতে কড়াকড়ি আরোপ করল সরকার।

প্রসঙ্গত, সারা দেশে ৩২৭টি সরকারি কলেজ আছে। এসব কলেজে ১৪ হাজারের মতো শিক্ষক আছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের