নিত্যপণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে
নিজস্ব প্রতিবেদক : : নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতিবছরই। গত বছর চাল, ডাল, চিনি, সয়াবিন, ছোলা, রসুন, মাংসসহ বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে অস্বাভাবিক হারে। গতকাল পর্যন্ত অত্যাবশ্যক এসব ভোগ্য-পণ্যের দাম বৃদ্ধির হার ৭২.৭৩ শতাংশ। টিসিবি’র হিসেবে বিগত এক বছরে লবণের দাম বেড়েছে ৪৬.৫১ শতাংশ। একই সঙ্গে চিনির দাম বেড়েছে ৪৩.০১ শতাংশ।
দাম বৃদ্ধির ধারাবাহিকতায় গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ১০.৬১ শতাংশ। টিসিবি’র প্রকাশিত ২০১৬ সালের ১৩ই জানুয়ারি এবং ২০১৭ সালের ১৩ই জানুয়ারি নিত্যপণ্যের মূল্যের তুলনামূলক চিত্রে মূল্যবৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে।
টিসিবি’র হিসেবে গত এক বছরে সবধরনের সরু চালের দাম বেড়েছে। মানভেদে সরু চাল ২০১৬ সালের এই সময়ে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪২ থেকে ৫৪ টাকা করে। গতকাল পর্যন্ত বিভিন্ন মানের সরু চাল বিক্রি হয়েছে ৪৪ থেকে ৫৬ টাকা। একবছরে সরু চালের দাম বেড়েছে ৪.৭ শতাংশ। এর মধ্যে সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেট চাল গত বছর একই সময়ে প্রতি কেজি বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৮ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকা করে। গত এক বছরে এই চালের মূল্য বৃদ্ধির হার ২.২২ শতাংশ। উন্নত মানের নাজিরশাইল ও মিনিকেট বিগত বছরের এই সময়ে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৮ টাকা থেকে ৫৪ টাকা। নতুন বছরের শুরুতে তা বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৬ টাকা।
এক বছরে এই চালের দাম বেড়েছে ১.৯৬ শতাংশ। এ ছাড়া মাঝারি মানের বিভিন্ন চাল গত বছর একই সময়ে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৪৪ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। গত এক বছরে এই চালের দাম বেড়েছে ১.১৯ টাকা। পাইজাম/লতা উন্নত মানের চাল ২০১৬ সালের এই সময়ে বিক্রি হয়েছে প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা। গত বছরের তুলনায় এ চালের দাম বেড়েছে ১.১৬ শতাংশ। টিসিবি’র হিসেবে গত এক বছরের তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে সব ধরনের মোটা চালের দাম। ২০১৬ সালের এই সময়ে সব ধরনের মোটা চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৩২ টাকা থেকে ৩৪ টাকা করে। গতকাল পর্যন্ত সবধরনের মোটা চাল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা। বিগত একবছরে মোটা চালের দাম বৃদ্ধির হার ১০.৬১ শতাংশ।
টিসিবি’র পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে চিনির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। প্রতিষ্ঠানটির হিসেবে ২০১৬ সালের একই সময়ে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। নতুন বছরের একই সময়ে তা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা। এক বছরে চিনির মূল্য বৃদ্ধির হার ৪৩.০১ শতাংশ। এছাড়া বিভিন্ন মানের আয়োডিনযুক্ত প্যাকেট লবণের দামও গত এক বছরে অস্বাভাবিকহারে বেড়েছে। ২০১৬ সালের এই সময়ে আয়োডিনযুক্ত প্যাকেট লবণ প্রতিকেজি বিক্রি হয়েছে ১৫ থেকে ২৮ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৮ টাকা করে। অর্থাৎ প্রতিদিনের অত্যাবশ্যক এই ভোগ্যপণ্যের মূল্য গত এক বছরে বেড়েছে ৪৬.৫১ শতাংশ।
বিগত এক বছরে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে। এর মধ্যে খোলা পাম তেলের দাম বেড়েছে অস্বাভাবিকহারে। প্রতি লিটার খোলা সয়াবিন বিগত বছরের একই সময়ে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৮৮ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকা। এক বছরে খোলা সয়াবিনের দাম বেড়েছে ২.৮৯ শতাংশ। এছাড়া ৫ লিটার সয়াবিনের তেলের প্রতিটি বোতল ২০১৬ সালের এই সময়ে ৪৫০ থেকে ৪৮০ টাকা বিক্রি হলেও নতুন বছরের একই সময়ে তা বিক্রি হচ্ছে ৪৬৫ থেকে ৫০০ টাকা করে। দাম বৃদ্ধির হার ৩.৭৬ শতাংশ। এছাড়া সয়াবিন তেলের প্রতিটি ১ লিটার বোতল বিক্রি হয়েছিল ৯৫ থেকে ১০২ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০২ টাকা করে।
এক বছরে দাম বেড়েছে ১.৫২ শতাংশ। ২০১৬ সালের এই সময়ে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ টাকা। গতকাল পর্যন্ত তা বিক্রি হয়েছে ৭২ থেকে ৭৪ টাকা করে। বিগত একবছরে খোলা পাম তেলের দাম বৃদ্ধির হার ২৩.৭৩ শতাংশ। এছাড়া সুপার পাম তেল বিগত বছরের এই সময়ে প্রতি লিটার ৬২ থেকে ৬৫ টাকা করে বিক্রি হলেও গতকাল পর্যন্ত তা বিক্রি হয়েছে ৭৫ থেকে ৭৭ টাকা করে। এক বছরের এই তেলের দাম বেড়েছে ১৯.৬৯ শতাংশ।
ডাল জাতীয় ভোগ্যপণ্যের মধ্যে ছোলা ও অ্যাঙ্কর ডালের দাম গত এক বছরে বেড়েছে। তবে, আলু আদাসহ কিছু ভোগ্যপণ্যের মূল্য কমেছে। টিসিবি’র হিসেবে ২০১৬ সালের এই সময়ে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকা। নতুন বছরের শুরুতে তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা করে। এক বছরের ছোলার দাম বৃদ্ধির হার ১৭.২৪ শতাংশ। এছাড়া অ্যাঙ্কর ডাল ২০১৬ সালের এই সময়ে কেজি প্রতি ৪০ থেকে ৪৬ টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। টিসিবি’র হিসেবে দেশি ও আমদানিকৃত পিয়াজ ছাড়া প্রায় সব ধরনের মসলা জাতীয় ভোগ্যপণ্যের দাম গত একবছরে বেড়েছে। এর মধ্যে গত একবছরে দেশি ও আমদানিকৃত রসুনের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ২০১৬ সালের একই সময়ে বিভিন্ন মানের রসুন প্রতি কেজি ১০০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হলেও নতুন বছরের একই সময়ে তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২১০ টাকা করে। এক বছরের রসুনের দাম বৃদ্ধির হার ৫৬ শতাংশ। মানভেদে দেশি রসুন গত বছরের এই সময়ে বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকা করে। ২০১৭ সালের শুরুতে তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা করে। গত এক বছরে দেশি রসুনের মূল্য বৃদ্ধির হার ৭২.৭৩ শতাংশ।
মানভেদে আমদানিকৃত রসুন ২০১৬ সালের একই সময়ে বিক্রি হয়েছিল ১৪০ টাকা থেকে ১৫০ টাকা করে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। বিগত এক বছরে আমদানিকৃত রসুনের দাম বেড়েছে ৪১.৩৮ শতাংশ। এছাড়া শুকনা মরিচ ২০১৬ সালের এই সময়ে কেজি প্রতি ১৪০ থেকে ১৭০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। এক বছরে অত্যাবশ্যক এই ভোগ্যপণ্যের দাম বেড়েছে ১২.৯০ শতাংশ হারে। হলুদ গত এক বছর আগের এই সময়ে ১৪০ থেকে ১৯০ টাকা বিক্রি হলেও গতকাল পর্যন্ত তা বিক্রি হয়েছে ১৬০ থেকে ২০০ টাকা। একবছরে হলুদের দাম বেড়েছে ৯.০৯ শতাংশ। মানভেদে আমদানিকৃত আদা গত বছরের একই সময়ে প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৩০ টাকা করে। এছাড়া গত এক বছরে জিরায় ১৮.৫৭ শতাংশ, দারুচিনি ৮.৬২, তেজপাতা ৭.৪১ শতাংশ হারে দাম বেড়েছে।
টিসিবি’র হিসাবে রুই, ইলিশ মাছের দাম কমলেও বিভিন্ন মাংসের দাম বেড়েছে। তবে, খাসীর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ২০১৬ সালের একই সময়ে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা। নতুন বছরের শুরুতে তা বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকা করে। এক বছরের ব্যবধানে গরুর মাংসের দাম বেড়েছে ১০.২৬ শতাংশ। ব্রয়লার মুরগী ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকা করে। এক বছরে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে ১৮.৫২ শতাংশ। এছাড়া দেশি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হলেও নতুন বছরের শুরুতে তা বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৬০ টাকা করে।
এক বছরে দেশি মুরগির দাম বেড়েছে ২.৯৯ শতাংশ। প্যাকেটজাত গুঁড়া দুধের মধ্যে ডানো দুধের দাম গত এক বছরে বেড়েছে। বিগত বছরের এই সময়ে তা ৫৪০ টাকা থেকে ৫৬০ টাকা করে বিক্রি হলেও গতকাল তা বিক্রি হয়েছে ৫৫৫ টাকা থেকে ৫৭০ টাকা। এক বছরে এই ভোগ্যপণ্যটির দাম বৃদ্ধির হার ২.২৭ শতাংশ। এছাড়া টিসিবি’র পনিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় গত এক বছরে সাধারণ মানের খেজুরের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত বছরের এই সময়ে সাধারণ মানের প্রতিকেজি খেজুর ৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ২৫০ টাকা করে। এক বছরে এই ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির হার ১৬.৬৭ শতাংশ।











