সড়কটি এখন মরন ফাঁদ ঝুঁকিতেই চলছে যাতায়ত
মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : নাম সরাইল-অরুয়াইল সড়ক। দীর্ঘ প্রতিক্ষিত উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির চিত্র পাল্টে গেছে। তিন ইউনিয়নের ৬ লক্ষাধিক মানুষের স্বপ্নের এ সড়কটির এখন বেহালদশা। সড়কটির সাড়ে ৫ কিলোমিটার জায়গা এখন মরন ফাঁদ। তারপর রয়েছে ধূলা বালুর রাজত্ব। প্রতিদিন ঝুঁকি নিয়েই চলছে হাজার হাজার লোক। স্বস্থিতে নেই সড়কের পাশের বাড়ি ঘরের বাসিন্ধারা। চরম কষ্ট ও অশান্তিতে দিন যাচ্ছে স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের। এত দ্রুত সড়কটি ভেঙ্গে চৌচির হয়ে যাবে তা ভাবেননি স্থানীয়রা। সরজমিনে দেখা যায়, পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর বাজার থেকে অরুয়াইল ব্রিজ পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়কটির চিত্র একদম পাল্টে গেছে। বন্যার পানির তোড়ে সড়কের এক পাশের ব্লক সরে মাটি ভেঙ্গে চলে গেছে পাশের ফসলি মাঠে। কোথাও খালে বা পুকুরে। ভাঙ্গনের আরেক কারন অধিকাংশ বাড়ি ঘরের পানি ছেড়ে দেয়া হচ্ছে সড়কের উপর। এভাবেই কমে গেছে সড়কের প্রস্থ। পুরো সড়ক জুড়েই রয়েছে বড় বড় খানাখন্দ। ২-৩টি কালভার্টের দুই পাশ ধাবিত হয়ে চলে গেছে নীচে। ফলে হাজারো ভগ্নদশায় খানখান হয়ে কোন রকমে চিহ্ন ধারন করে আছে সড়কটি। সংস্কারে বিলম্ব হলে যে কোন নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সড়কটি। বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উপজেলা সদরের সাথে ২ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। জেলা ও উপজেলার সাথে অরুয়াইল পাকশিমুলের লোকজনের যাতায়তের একমাত্র সড়ক এটি। তাই বাধ্য হয়ে তারা জীবনের ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে যাতায়ত করছে।
গত ১ বছরেরও অধিক সময় ধরে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন তারা। পেটের দায়ে কষ্ট ও ঝুঁকি দুটি বিষয়কে মেনে নিয়েই এ সড়কে যাত্রী বহন করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। মাঝে মধ্যে পিকআপ ভ্যানে করে দোকানের মালামাল নিতেও দেখা যায়। চলন্ত অবস্থায় যাত্রীসহ অটোরিকশা গুলোকে হেলে দোলে কাঁত হয়ে যেতে দেখা যায়। আর এসময় যাত্রীদেরকে দেখা যায় আতঙ্কগ্রস্থ হতে। ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে। হার্টের রোগীদের জন্য এ সড়ক এখন মৃত্যুপুরী। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের প্রানহানীসহ গুরুতর আহতের ঘটনা। যে কাউকে বরণ করে নিতে হতে পারে স্থায়ী পঙ্গুত্বের ঘটনা। প্রতিনিয়ত সুস্থ্য লোককে অসুস্থ্য করে দিচ্ছে এ সড়ক। আর শুষ্ক মৌসুম হওয়ায় দিনে রাতে উড়ছে ধূঁলা। সড়কের পাশের বসত বাড়ি গুলো ২৪ ঘন্টা থাকে ধূঁলায় অন্ধকার। কাপড় চোপড় আসবাবপত্র প্রতি মূহুর্তে হয়ে যাচ্ছে ধূঁলায় একাকার। এ সড়কে যাতায়তকারী শিক্ষার্থীদের কষ্টের শেষ নেই। তারা স্কুল কলেজে যাওয়া আসার সময় চোখে মুখে রুমাল চেপেও রক্ষা পায় না। নিয়মিত ধূঁলা বালি গিলে খাচ্ছে তারা। ধূঁলার কারনে অনেক সময় গন্তব্য স্থানে যাওয়ার পরে যাত্রীদের আর চেনা যায় না। অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান ও পাকশিমুলের হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত কষ্টে দুই প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী প্রতিদিনই ধূঁলাবালি ঠেলে আসা যাওয়া করছে। তাদের পিতা মাতা বাড়ি ফেরার আগ পর্যন্ত টেনশনে ভোগেন। আর আমরা থাকি চরম উদ্বীগ্ন। স্থানীয় একাধিক জনপ্রতিনিধি দুঃখ করে বলেন, এ সরকারের আমলে স্থানীয় এমপি’র হাত ধরে এই অজপাড়া গাঁয়ের ৬ লক্ষাধিক মানুষের কয়েক’শ বছরের লালিত স্বপ্নের বাস্তবায়ন এ সড়কটি। সড়কটি এ অঞ্চলের মানুষের সামাজিক অর্থনৈতিক জীবন ধারায় আমুল পরিবর্তন এনে দিয়েছিল।
এটি বিলীন হয়ে গেলে ৬ লক্ষ মানুষের মৃত্যু হয়ে যাবে। অনেক সাধনা ও কষ্টে গড়া এ সড়কটি রক্ষায় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সরাইল থেকে ১২ কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য ২০১৫ সালে ৩ কোটি ৬৬ লাখ টাকার কাজ পায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। হাসপাতালের মোড় থেকে ভূঁইশ্বর বাজার পর্যন্ত সংস্কারের পর কাজটি বন্ধ করে দেয় ঠিকাদার। ব্যায় হয় আড়াই কোটি টাকা। বাকি ১ কোটি ১৬ লাখ টাকায় অবশিষ্ট কাজ করা সম্ভব নয়। সড়কটির সংস্কার কাজের জন্য ১০ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৮৭১ টাকা ব্যায় নির্ধারন করে ২০১৬ সালের ১৫ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র লিখেন উপজেলা প্রকেশৈলী। পরে আরো ২-৩টি পত্র প্রেরন করেও কোন সুফল আসেনি। ওদিকে সড়কটির অবস্থা দিনদিন খারাপই হচ্ছে। সর্বশেষ গত বছরের ৪ ডিসেস্বর ৬ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৩৭২ টাকা ব্যয়ের হিসাব দিয়ে আরেকটি পত্র পাঠিয়েছেন সরাইল এলজিইডি। কিন্তু এখনো কোন সদত্তোর মিলছে না। বেহাল সড়কে যাতায়তকারী ২ ইউনিয়নের মানুষের দূর্ভোগের কথা স্বীকার করে সরাইল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, গত ৮ মাসের মধ্যে সড়কটি সংস্কারের ব্যয়ের টাকার জন্য অন্তত ৫ টি পত্র লিখেছি। আগামী বর্ষার আগে সংস্কার কাজ সম্পন্ন করা না গেলে সড়কটি বিলীন হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবাও বেহাল এ সড়কে জনদূর্ভোগের কথা উল্লেখ করে বলেন, জেলার সমন্বয় সভায় একাধিকবার এ সড়কের ব্যয় দ্রুত মঞ্জুর করে দরপত্র আহবানের সংস্কার কাজটি করার অনুরোধ করে আসছি।











