ঝালকাঠিতে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঝালকাঠি শহরের কলেজ মোড় খেয়াঘাট ও মানিকচর এলাকায় নদী থেকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ঝালকাঠি শহরের আবদুর রাজ্জাক মল্লিক রাজা (৩২), পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫) ও তসলিম হালদার (৫০)।
ঝালকাঠি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা গোলাম রসুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ডুবুরি দল এসে প্রথম দু’জনের লাশ উদ্ধার করে।
পরে সকাল ৯টার দিকে রাজাপুরের মানকির চর এলাকা থেকে আরো একজনের মরদেহ ভেসে উঠার খবর আসে। সেখানে তসলিম হাওলাদার নামের আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার সকালে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে একটি ট্রলার শহরের পৌরসভা খেয়াঘাট আসছি। এসময় ঘন কুয়াশার মধ্যে পড়ে খুলনাগামী মধুমতি নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়।
পরে স্থানীয় জেলেদের সহায়তায় সব যাত্রীকে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ হন। আজ তাদের মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে।











