মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে ত্রুটি : আত্মসমর্পণকারী দুজন ফের ৭ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় করা মামলায় আত্মসমর্পণকারী বাংলাদেশ বিমানের দুই কর্মকর্তার ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান রিমান্ডের আদেশ দেন।আসামিরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্সপেক্টর মাহবুবুল আলম আসামিদের ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা প্রধানমন্ত্রীর ক্ষতি করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে বিমানে ইচ্ছাকৃতভাবে যান্ত্রিক ত্রুটি করেছিল বলে প্রতীয়মান হয়। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসামিদের দেওয়া তথ্যগুলো যাচাইবাছাই করা সম্ভব হয়নি। মামলার তদন্তের স্বার্থে ও আসামিদের দেওয়া তথ্য যাচাইবাছাইয়ের জন্য তাদের আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর এ দুই আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২২ ডিসেম্বর এ দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই ঘটনায় অপর সাত আসামি সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ডে আছেন।

এরা হলেন- বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসিউরেন্স), এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন রিমান্ডে আছেন।

গত ২০ ডিসেম্বর রাতে বিমানের ৯ কর্মকর্তাকে আসামি করে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। দণ্ডবিধির ১০৯, ১১৮, ১২০ (খ), ২৮৭ এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরি পৌঁছানোর ব্যবস্থা করা হলেও পরে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। ওই ঘটনায় নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের