বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে হত্যা করা হয় এমপি লিটনকে

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপির নিজ বাসভবনে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদ সদস্য লিটনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তার শরীরে মোট পাঁচটি গুলি লেগেছে। এর মধ্যে দুটি গুলি লেগেছে বুকে আর তিনটি লেগেছে হাতে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করা যায়নি।

এমপির ঘনিষ্ঠ সহযোগী ও তার কোল্ডস্টোরেজের ম্যানেজার অনিল সাহা ও এমপির শ্যালক আবু নাসের মিরান জানান, সন্ধ্যা পৌনে ছয়টায় সাংসদ লিটন তার দ্বিতল বাসভবনের নিচ তলার বৈঠক খানায় বসে ৫ থেকে ৬ জন নেতাকর্মীকে নিয়ে দলীয় সাংগঠনিক বিষয়ে কথা বলছিলেন। এসময় ৩ জন যুবক হেলমেট পড়া অবস্থায় একটি মোটরসাইকেলে করে তার বাসার সামনে আসে। তাদের একজন বাইরের আঙিনায় মোটরসাইকেলে বসা ছিল, তখন মোটরসাইকেলটির ইঞ্জিনও চলছিল।

অপর দু’জন এমপি লিটনের সাথে জরুরি কথা বলার অজুহাতে ঘরের ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে আকস্মিকভাবে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। লিটন মাটিতে লুটিয়ে পড়েই অচেতন হয়ে যান। এসময় দুর্বৃত্তরা দ্রুত ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

লিটনের স্ত্রী বড় ভাই বদিউল কারিমিন বাদল জানান, দুর্বৃত্তরা আসা এবং গুলি করার সময় এমপি লিটনের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খুরশিদ জাহান স্মৃতি রান্না ঘরে ব্যস্ত ছিলেন। গুলির আওয়াজ শুনে তিনি ছুটে এসে তার স্বামীকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের গুলির শব্দ শুনে বাড়ির এবং আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা মোটরসাইকেল নিয়ে ৩ জন যুবককে পালাতে দেখেন কিন্তু তাদের হাতে রিভলভার থাকায় কেউ সামনে যেতে সাহস করেনি। তারা দ্রুত রাস্তায় উঠে বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়ক ধরে পালিয়ে যায়।

একটি সূত্র জানায়, ওই সময় অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি। এছাড়া এমপির বাড়িতে পৌছানোর পর থেকে হত্যাকাণ্ড চালিয়ে পালানোর সময় পর্যন্ত হামলাকারীরা মাথা থেকে হেলমেটও খোলেনি।

স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, এমপির নিরাপত্তার ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় তাকে এভাবে প্রাণ দিতে হলো।

এদিকে সংসদ সদস্য লিটনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, সেখানেই তার ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে গুলি করে সারা দেশে সমালোচনার মুখে পড়েন এমপি লিটন। তিনি তার লাইসেন্স করা পিস্তল দিয়ে সৌরভকে গুলি করেন। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর আরেকটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন এমপি লিটন। পরে ওই বছরই আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। পরে জামিনে মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ