বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মঘাতী নারী জঙ্গিদের নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা

news-image

নিউজ ডেস্ক : আত্মঘাতী হয়ে উঠছে নারী জঙ্গিরা, যা শঙ্কা ও উদ্বেগের বিষয় বলে মনে করছেন গোয়েন্দারা। গত সপ্তাহে রাজধানীর আশকোনায় এক নারী জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর বিষয়টি ভাবিয়ে তুলেছে গোয়েন্দাদের। যদিও এই মুহূর্তে নাশকতা চালানোর মতো সক্ষমতা তাদের নেই বলেই মনে করেন গোয়েন্দা কর্মকর্তারা।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা জানান, গত ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানা থেকে শিশুসন্তান সাবিনাসহ বেরিয়ে আসার সময় নারী জঙ্গি শাকিরা সুইসাইডাল ভেস্টের মাধ্যমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। যার মধ্যে তাজা গ্রেনেডও রক্ষিত ছিল। এতে শাকিরা ঘটনাস্থলেই নিহত ও তার শিশুসন্তান গুরুতর আহত হয়। শিশু সাবিনাকে (৭) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরনো জেএমবি’র জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী ছিলো শাকিরা।

একই আস্তানা থেকে আত্মসমর্পণ করেছিল আরও দুই নারী জঙ্গি জেবুন্নাহার শিলা ও তৃষামনি। সিটিটিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তৃষামনি জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন আশকোনার জঙ্গি আস্তানা ঘিরে ফেলে, তখন স্বামী মাঈনুল ওরফে মুসার সঙ্গে যোগাযোগ করেছিলো সে। মুসা তখন তাকে ‘সুইসাইডাল ভেস্ট’ পরে চার মাসের শিশুসন্তানসহ আত্মঘাতী হওয়ার নির্দেশ দেয়। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে জঙ্গি স্বামীর নির্দেশনা উপেক্ষা করে আত্মসমর্পণ করে সে।

এর আগে গত ২৪ জুলাই এবং ১৪ ও ১৫ আগস্ট গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট নারী জঙ্গিকে গ্রেফতার করে র্যা ব। এছাড়া বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয় আরও কয়েকজন নারী জঙ্গি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তখনই গোয়েন্দারা জানতে পারেন, নারী জঙ্গিরা আত্মঘাতী হামলায় অংশ নিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। এমন ভয়ঙ্কর তথ্য পাওয়ার পর থেকেই নারী জঙ্গিদের প্রতি বিশেষ নজরদারি শুরু করেন গোয়েন্দারা। বিশেষ করে স্বামীর প্ররোচনায় যেসব নারী জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হচ্ছে, তাদের প্রতি বাড়তি সতর্ক হয়ে ওঠেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

গত বছরের ডিসেম্বরে মিরপুরের একটি জঙ্গি আস্তানা থেকে কয়েকটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের গোয়েন্দারা। এছাড়া চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানের ভেতরে বানৌজা পতেঙ্গা মসজিদে বিস্ফোরণের পর আটক আবদুল মান্নানের কাছ থেকে বোমাসহ কয়েকটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। আত্মঘাতী হামলা চালানোর বিশেষ ধরনের পোশাক সুইডাইডাল ভেস্ট পরার জন্য জঙ্গিরা তাদের স্ত্রীদের উদ্বুদ্ধ করছে বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃত নারীরা।

গত সেপ্টেম্বরে সিরাজগঞ্জে জেএমবি’র এক সংগঠক ফরিদুল ইসলামের মা ফুলেরা খাতুন (৪৫), দুই বোন শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর এসব নারী জঙ্গি পুলিশকে বলে, আত্মঘাতী হামলা চালানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিলো তাদের। ‘ফিদায়ী হিজরত’ বা ‘আত্মঘাতী’ হামলা চালাতে শীর্ষ নেতাদের নির্দেশনার অপেক্ষায় ছিলো তারা। গোয়েন্দা কর্মকর্তারা জানান, বেশিরভাগ নারী জঙ্গি তাদের স্বামীর মাধ্যমে জঙ্গিবাদে সম্পৃক্ত হচ্ছে। আশকোনায় আত্মসমর্পণকারী নারী জঙ্গি তৃষামনিও তার স্বামী মাঈনুল ওরফে মুসার মাধ্যমে জঙ্গিবাদে সম্পৃক্ত হয়েছিলো।

নারী জঙ্গিদের আত্মঘাতী হয়ে ওঠার বিষয়ে সিটিটিসি প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, নারী জঙ্গিদের আত্মঘাতী হয়ে ওঠার ঘটনা ব্যতিক্রম। নারীরা সাধারণত জঙ্গি সংগঠনগুলোতে সেবা দিবে এবং সন্তানদের জিহাদের শিক্ষা দিবে এমনটাই তাদের প্রচলিত নিয়ম। তবে আশকোনায় যে নারী জঙ্গি আত্মঘাতী হয়েছে, সে হতাশা থেকে এই পথ বেছে নিয়েছিলো বলে আমরা ধারণা করছি। কারণ তার স্বামী মারা যাওয়ার পর জঙ্গি সুমনের সঙ্গে তার বিয়ে হয়। সুমনের মাধ্যমে সে জঙ্গিবাদে যুক্ত হয়েছিলো। সুমন কিছুদিন আগে গ্রেফতার হয়ে জেলে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন তার আর কোনও আশ্রয় নেই বলেই সে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছি আমরা। বিষয়টি উদ্বেগজনক হলেও আমরা নিয়মিত নজরদারির মাধ্যমে তাদের দমন করার চেষ্টা করছি। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত