আশুলিয়ায় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেড নামে কারখানার ছাদ ধসে তিন নিমার্ণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিমার্ণ শ্রমিক শহিদুল, জাহাঙ্গীর ও জালাল।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ওই কারখানার ভবনের ছাদ ডালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় হঠাৎ করে এক তলার ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর (২০), জালাল (৫০) ও শহিদুলের (৫৫) উপর।
কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জালাল ও শহিদুলের মৃত্যু হয়। অন্যদিকে জিরাবো এলাকার পল্লী মঙ্গল হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর।
ওই কারখানাটির মালিক শামছুল মিয়া ও শেখ আব্দুল্লাহ।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, নির্মাণাধীন কারখানাটির রড ও সিমেন্ট খুবই নিম্নমানের ছিলো। যে কারনে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীরের বাড়ি চাঁদপুর জেলায়। তার বাবার মুছা দর্জি। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি জিরাবো এলাকার সাধন কুমারের বাড়িতে ভাড়া থাকতেন।
এবিষয়ে আশুলিয়া থানার (ওসি) তদন্ত একে এম শামীম হাসান বলেন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া দুর্ঘটনাকবলিত ওই কারখানাটি র্যাব সদস্যরা পরিদর্শন করেছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











