শাহজালালে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সোনা উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির জানান, উড়োজাহাজটি আজ সকালে দোহা থেকে ঢাকায় আসে। গোপন সংবাদে উড়োজাহাজে তল্লাশি চালানো হলে একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় লাল কাপড় ও টেপে মোড়ানো প্যাকেটে ১০০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১১ কেজি ৬০০ গ্রাম। দাম প্রায় পৌনে ছয় কোটি টাকা।
কে বা কারা এ সোনা ফেলে গেছে, তা জানা যায়নি। সোনা উদ্ধারের এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ঢাকা কাস্টমের ওই কমিশনার।











