২০১৮তে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ হওয়া নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক : এখন পর্যন্ত ১ একর ভূমিও অধিগ্রহণ সম্ভব না হওয়ায় ২০১৮ সালের মধ্যে চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ করার কথা ১ হাজার ৩৫ একর। এর মধ্যে চট্টগ্রামে ৩১৮ দশমিক ৪৮ একর এবং কক্সবাজারে ১ হাজার ৩৬ একর। একই সঙ্গে মিয়ানমারের সীমানা সংলগ্ন ঘুমধুম পর্যন্ত রেললাইনও ২০২২ সালের মধ্যে হবে কি না তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্প তদারকি সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) একটি প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। গত এপ্রিলে প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদনকালে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেল মন্ত্রণালয় ও আইএমইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় রেললাইন নির্মাণকাজকে প্রধানত দুটি (প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়) প্যাকেজে ভাগ করা হয়েছে। এছাড়া সার্ভিস কাজগুলো সাতটি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে প্যাকেজের আওতায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার নতুন সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ হবে। এ রেললাইন নির্মাণকাজ দ্রুততম সময়ে অর্থাত্ ২০১৮ সালের মধ্যে শেষ করতে দুই ভাগে কাজটি ভাগ করা হয়। অথচ দরপত্র আহ্বান করা হয়েছে সংশোধিত ডিপিপির নির্ধারিত সময়ের ৬ মাস পর। গত সেপ্টেম্বরে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। এতে এ কার্যক্রম অর্থাত্ ক্রয় পরিকল্পনা অনুযায়ী ৮ মাস পিছিয়ে পড়েছে। নির্মাণকাজ তদারকিতে ১৯ পরামর্শক প্রতিষ্ঠান থেকে যাচাই-বাছাই করা হয়েছে। এখনও চূড়ান্ত কো-পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি। এ কাজে ক্রয় পরিকল্পনা অনুযায়ী পিছিয়ে রয়েছে প্রায় ৬ মাস। ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ পিছিয়ে রয়েছে ৮ মাস।
এ বিষয়ে রেল সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিদেশে আছেন বলে জানিয়ে ফোন রেখে দেওয়া হয়। তবে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য বলেন, ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসককে টাকা দিয়ে দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ শেষ হলে নির্মাণকাজে বেশি সময় লাগবে না। নির্মাণকাজ দুই বছরে শেষ করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রকল্পের মাধ্যমে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার এবং রামু থেকে মিয়ানমারের নিকটবর্তী ঘুমধুম পর্যন্ত ২৮ দশমিক ৭৫ কিলোমিটারসহ মোট ১২৯ দশমিক ৫৮ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণের মাধ্যমে পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের যোগাযোগ স্থাপনসহ ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।
এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকার জোগান দেবে ৪ হাজার ৯১৯ কোটি টাকা। ১৩ হাজার ১১৫ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগে ১ হাজার ৮৫২ কোটি টাকায় ২০১০ সালে মিটার গেজের মাধ্যমে রেলপথটি নির্মাণে একনেকে অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন প্রস্তাবনায় ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কের এ অংশে একই সঙ্গে মিটার ও ব্রডগেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এ কারণেই প্রকল্প ব্যয় বেড়েছে। নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হওয়ার কারণেও প্রকল্প ব্যয় বেড়েছে।











