জঙ্গিরা মাঝেমধ্যে আত্মপ্রকাশের চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা পৃথিবীতে জঙ্গি আছে। এখানে জঙ্গিরা মাঝেমধ্যে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সবসময় নজরদারিতেও রাখা হয়েছে।

রবিবার শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। একই সাথে জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যেসব জঙ্গি পলাতক আছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা এখন আগের মতো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জঙ্গিদের পেছনে যারা আছে, তাদেরও খুঁজে বের করা হবে।











