নতুন ঠিকানা পেল নবজাতক ‘বিজয়’
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শেয়ালের কামড় থেকে রক্ষা পাওয়া সেই নবজাতক ‘বিজয়’কে আশ্রয়দাতার বাড়ি থেকে নতুন সংসারে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢাকার এক দম্পতি ওই নবজাতককে গ্রহণ করে। ‘বিজয়’কে হস্তান্তর করতে গিয়ে চোখের জলে বুক ভাসান আশ্রয় দেওয়া মানুষগুলো।
গত শুক্রবার রাতে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নিজমাওহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় সন্তানের জন্ম দেন এক তরুণী। নিজের বাড়ি জেলার মুক্তাগাছা উপজেলায় বললেও তিনি তার পরিচয় দেননি। গভীর রাতে নদী ও জঙ্গল ঘেঁষা বিদ্যালয়ের বারান্দায় সন্তান প্রসবের পর শেয়ালের কামড় থেকে নবজাতকটিকে রক্ষা করে একটি কুকুর। পরদিন স্থানীয় উকিলের মা তার বাড়িতে নবজাতক ও প্রসূতিকে আশ্রয় দেন। তার নাম রাখা হয় ‘বিজয়’।
উকিলের মার মেয়ে পারভীন আক্তার সোমবার বিকেলে জানান, জন্ম দেওয়ার পর একবারের জন্যও সন্তানকে কোলে নেননি ওই মা। বুকের এক ফোঁটা দুধও দেননি।
‘বিজয়’কে উকিলের মার ছেলে দুখু মিয়া নিজের সন্তানের মতো আদর-যত্ন করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন শিশুটির জন্য নতুন কাপড়, দুধ ও প্রসূতির জন্য চিকিৎসার ব্যবস্থা করেন।
গত সোমবার থেকে নবজাতক সন্তানকে রেখে চলে যেতে ব্যকুল হয়ে ওঠেন তরুণী মা। পরে মঙ্গলবার দুপুরে অনেক বাধা দেওয়া স্বত্বেও বাড়ি থেকে প্রসূতি তরুণী চলে যান।
এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে যোগাযোগ শুরু করেন এলাকায়। ঢাকার এক দম্পতি স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে মঙ্গলবার এলাকায় আসেন। নিজেদের সন্তান না থাকায় শিশুটিকে তারা নিতে আসেন।
বিকেলে গ্রাম থেকে শিশুটিকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। সেখানে দুখু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম বলেন, শিশুটিকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। শিশুটিকে মায়ের কোলে দিতে চাইলেও কোলে নেয়নি তার মা। তাকে দিয়ে চলে গেছে।
সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের কার্যালয়ে দত্তক নিতে আসা দম্পতির সামনে হাজির করা হয় নবজাতক বিজয় ও আশ্রয়দাতা পরিবারকে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা অনুভা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাওহা ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
তারা আশ্রয় দাতা উকিলের মা, তার ছেলে দুখু ও পুত্রবধু হোসনে আরাকে নবজাতকের ভবিষ্যৎ চিন্তা করে নি:সন্তান দম্পতির কাছে তাকে হস্তান্তর করার অনুরোধ জানান। পরে পরিবারটির কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লিখিতভাবে শিশুটিকে গ্রহণ করেন দম্পতি।
মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন বলেন, তরুণী শিশুটিকে জন্ম দিলেও তাকে ফেলে রেখে চলে গেছে। শিশুটির ভবিষ্যতের জন্য তার নতুন আশ্রয় প্রয়োজন। উপজেলা প্রশাসনের মাধ্যমে এক দম্পতি যোগাযোগ করলে শিশুটির ভালোর জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার বলেন, শিশুটির ভবিষ্যৎ ও সামাজিক স্বার্থ বিবেচনায় নতুন আশ্রয় প্রয়োজন ছিল। এক দম্পতি যোগাযোগ করায় এবং আশ্রয় দেয়া পরিবার শিশুটিকে দিতে সম্মত থাকায় তাকে নতুন ঠিকানায় দেয়া হয়েছে।











