বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক নির্বাচন: শামীম ওসমানকে নিয়ে এখনও শঙ্কা যে কারণে

resize68315নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শুরু থেকেই আলোচনায় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। সেলিনা হায়াৎ আইভীকে দলের মনোনয়ন না দেওয়া, মনোনয়ন সংক্রান্ত বিরোধ কেন্দ্র পর্যন্ত গড়ানো, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাপে আইভীকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া ও পরে তাকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করে তার পক্ষে কাজ করার ঘোষণা এ সব নিয়ে তিনি ছিলেন আলোচনা-সমালোচনার কেন্দ্রে। তবে আইভীকে সমর্থন দিলেও তাকে নিয়ে আশঙ্কা দূর হচ্ছে না। শেষতক ভোটের দিন কেন্দ্রগুলোতে তার অনুগামীদের ভূমিকা এবং তার কাছের লোক হিসেবে পরিচিত কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের বাসিন্দা ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন মূলত এ দুটি বিষয় নিয়েই শহরময় চলছে নানা গুঞ্জন ও আলোচনা। শামীম ওসমানের অনুগতদের কারণে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। কারণ, শামীম ওসমানের অনুগামী কাউন্সিলর প্রার্থীদের কেউ কেউ যদি কেন্দ্র দখল কিংবা এ ধরনের বিশৃঙ্খলা করে বৈতরণী পার হতে চান সে ক্ষেত্রে ওই কাউন্সিলর প্রার্থীর পাশাপাশি তারা মেয়র পদে কাকে সিল মারবে সেটাও চিন্তার বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভোটাররা এই বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা চাচ্ছেন যে কোন মূল্যে অন্তত কেন্দ্রে যেতে। তবে সেক্ষেত্রে তারা মূলত আওয়ামী লীগের লোকজনের অবস্থান পর্যবেক্ষণ করবেন। কারণ, যদি আওয়ামী লীগের লোকজন কোনও ধরনের বাধা সৃষ্টি না করে সেক্ষেত্রে অবাধে কেন্দ্রে বিএনপির কর্মী ও ভোটাররা গেলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপির নেতারাও বলেছেন তারা সকালে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই স্পষ্ট ধারণা পাবেন কেমন ভোট হবে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কয়েকজন জানিয়েছেন, শামীম ওসমান যেভাবে বলছেন ‘নৌকার জয় ঘটবে’ সেখানে হয়তো নৌকাকে পার করার পাশাপাশি অনুগামী কাউন্সিলরদের বৈতরণী পার করাতেও নেওয়া হতে পারে নানা ‘পদক্ষেপ’। যদিও আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সবশেষ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন ‘শামীম ওসমান পজেটিভ আছেন।’ অন্যদিকে প্রশাসন বলছে, কাউকেই কোনও ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

এদিকে শামীম ওসমান অনুগামী ও সমর্থিত অনেক কাউন্সিলর প্রার্থীদের জয়ী করাতে গত কয়েকদিন ধরেই চলছে নানা হিসাব-নিকাশ। শামীম ওসমানের ঘনিষ্ঠ কয়েকজন জানান, ইতোমধ্যে সবগুলো ওয়ার্ডেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একজন করে কাউন্সিলরকে জয়ী করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া শামীম ওসমানও চাচ্ছেন যে কোনও মূল্যে তাদের নিজস্ব কাউন্সিলরা যেন অন্তত বৈতরণী পার হয়। সে কারণে প্রতিপক্ষের ওপর ইতোমধ্যে চাপ প্রয়োগও করা হচ্ছে কৌশলে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মূলত বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ শহর এলাকা নিয়ে গঠিত। এ তিনটি এলাকার মধ্যে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ-৪ আসনে যুক্ত যার এমপি শামীম ওসমান। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ। যেহেতু সিদ্ধিরগঞ্জ থানা এলাকাটি শামীম ওসমানের নির্বাচনি এলাকা সেহেতু এ থানায় শামীম ওসমানের প্রভাব কাজ করবে সেটাও আশঙ্কা করা হচ্ছে। সিটি করপোরেশন এলাকার মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ভোট।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি জানান, ‘মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মকাণ্ডে জনগণ সুষ্ঠু নিবাচনের আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচন নিয়ে শঙ্কা ও অনীহা তৈরি হয়েছে। সন্ত্রাস ও গডফাদারদের থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারি নাই। এ মানুষগুলো এখনও আছে। প্রশাসনের কর্তাদের সর্তক থাকতে হবে যাতে করে নির্বাচনের সময় এরা ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল না করতে পারে। আর তাই নিয়ে শঙ্কা মানুষের মাঝে। সাত খুনের সঙ্গে অভিযুক্ত, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ীরা প্রার্থী হয়েছে। এসব কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শঙ্কা থাকবেই।’

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহমান জানান, ‘মেয়র প্রার্থীরা ঠিক থাকলেও কাউন্সিলরদের মধ্যে অস্থিতিশীলতা হতে পারে। এজন্য নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে।’

২৭ ওয়ার্ডে কে কে আওয়ামী লীগ ও শামীম ওসমানের অনুগামী

১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুর রহিম আওয়ামী লীগ ও হাজী আনোয়ারুল ইসলাম শামীম ওসমানের কর্মী। একই ওয়ার্ডে শামীম ওসমানের অনুগামী হিসেবেই আছেন হাজী মো. ওমর ফারুক। ইতোমধ্যে ফেসবুকে একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে ওমর ফারুককে বলতে শোনা গেছে, ভোট কেন্দ্র তিনি দখল করবেন।

২নং ওয়ার্ডে আলোচিত ৭ খুনে নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছেন। তার অভিযোগ, তাকে উড়ো চিঠি দিয়ে দিয়ে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়া হয়েছে।

৩ নং ওয়ার্ডে কাউন্সিলর শাহজালাল বাদল বর্তমান কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক। শামীম ওসমানের ঘনিষ্ঠজন ও একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত শাহজালাল বাদলকে নিয়েও শঙ্কা রয়েছে।

৪ নং ওয়ার্ডে যুবলীগ নেতা নজরুল ইসলামের পক্ষে কাজ করছে আওয়ামী লীগের একটি অংশ। তিনি নিজেও শামীম ওসমানের আস্থাভাজন। ৫নং ওয়ার্ডে শফিকুল ইসলাম বাবুলের পক্ষে ইতোমধ্যে শামীম ওসমানের ‘ডান হাত’ খ্যাত মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ অনুগামীরাও প্রচারণা চালান। ৬নং ওয়ার্ডে মতিউর রহমান মতি হলেন থানা যুবলীগের আহ্বায়ক। এক সময়ে তিনি ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে যার মধ্যে একটি হত্যা মামলা বিচারাধীন।

৭নং ওয়ার্ডে আলী হোসেন আলা হলেন শামীম ওসমানের অনুগামী। তিনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। ৮নং ওয়ার্ডে মহসিন ভূইয়া স্থানীয় যুবলীগ নেতা। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিতি রয়েছে। ১০নং ওয়ার্ডে শামীম ওসমানের ঘনিষ্ঠজন হলেন ইফতেখার আলম। ১১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওমর খৈয়াম চঞ্চলও শামীম ওসমানের কাছে লোক হিসেবে পরিচিত।

১২ নং ওয়ার্ডে জিল্লুর রহমান চঞ্চল আওয়ামী লীগের হলেও ওসমান পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বিএনপির শওকত হাশেম শকুর। ১৩নং ওয়ার্ডে ইতোমধ্যে ফয়েজউল্লাহ ফয়েজ নির্বাচন থেকে সরে গিয়ে রবিউলকে সমর্থন দিয়েছেন। রবিউলের পক্ষে মহানগর আওয়ামী লীগের শামীম ওসমান বলয়ের লোকজন কাজ করছেন। ১৪ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তবে এখানে আওয়ামী লীগের নেতারা বিভক্ত হয়ে কেউ মনির ও কেউ শফিউদ্দিনের পক্ষে কাজ করছেন।

১৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের লোকজন জিএম আরমানকে সমর্থন করেছেন। ১৬নং ওয়ার্ডে নগর সেচ্ছাসেবক লীগ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলের পক্ষে শামীম ওসমানের অনুগামী নেতারা নেমেছেন। ১৭ নং ওয়ার্ডে শামীম ওসমানের ঘনিষ্ঠ হলেন আবদুল করিম বাবু ওরফে ডিশ বাবু।

১৮নং ওয়ার্ডে কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না হলেন ওসমান ভ্রাতৃদ্বয়ের ঘনিষ্ঠজন। ২৩ নং ওয়ার্ডে সাইফুদ্দিন আহমেদ দুলাল হলেন শামীম ওসমানের ঘনিষ্ঠজন। ২৪নং ওয়ার্ডে আফজাল হোসেনও ওসমান পরিবারের ঘনিষ্ঠ।

বিএনপির দাবি কেন্দ্রে ভোটার যেতে পারলে বিপ্লব ঘটবে

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা কেন্দ্রে যেতে পারলে বিএনপি বিপুলে ভোটে জিতবে। তবে এজন্য পরিবেশ সুষ্ঠু করতে হবে।

মঙ্গলবার প্রচারণার সময় তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে আমি শঙ্কায় আছি। নির্বাচনের শুরু থেকেই আমি সেনা মোতায়েন চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেটা করেনি। এ কারণেই লোকজনের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে। আর সরকারও চাচ্ছে না সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হোক। সরকারের অবস্থান ও ভাবমূর্তি সকালেই বোঝা যাবে।’

এদিকে, সেলিনা হায়াৎ আইভীও ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশের দাবি করে আসছেন।

কেন্দ্রে দলের চিন্তা বাদ দিতে হবে

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি মনে করে কেন্দ্র দখল করবে তাহলে সেটা কল্পনাপ্রসূত। আমরা কেমন কঠোর থাকবো সেটা ভোটের দিনেই প্রমাণ করবো। নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ