তেড়েফুঁড়ে গেলেন আইভীর কর্মী
নিউজ ডেস্ক : হৈচৈ-হট্টগোল আর নৌকা সমর্থকদের ব্যঙ্গাত্মক আক্রমণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে ৬ মেয়র প্রার্থীকে নিয়ে মতবিনিময়।
অনুষ্ঠানটি ‘জনতার মুখোমুখি’ শীর্ষক হলেও পুরো অডিটোরিয়াম আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর স্থানীয় সমর্থকদের দখলে ছিল।
অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
প্রশ্নোত্তর পর্বে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কথা বলার সময় আইভীর সমর্থকরা সেখানে হৈচৈ করে কয়েক দফা বিশৃংখলা সৃষ্টি করেন।
এদিকে আয়োজকরা সিটি কর্পোরেশন এলাকার বাইরের ভোটারদের প্রশ্নোত্তর পর্বে অংশ না নেয়ার নিয়ম বেঁধে দিলেও আইভীর এক ঘনিষ্ঠ মহিলা কর্মীকেও সুযোগ দেয়া হয় প্রশ্ন করতে।
এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হলে বিএনপির প্রার্থী সাখাওয়াতের সমর্থকদের দিকে তেড়ে যান ওই মহিলা কর্মীসহ অন্যরা। এমনকি নিজের সমর্থককে শান্ত করার চেষ্টা না করে উল্টো যুবদল নেতা সরকার আলমকে নাম ধরে ডেকে মঞ্চ থেকেই চোখ রাঙানি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইভী।
অনুষ্ঠানের সঞ্চালক সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে কয়েক দফা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।
এছাড়া অন্য দলের মেয়র প্রার্থীরা বক্তব্য দিতে গেলে গাজীপুর থেকে আসা আওয়ামী লীগের লোকজন ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দিয়ে তাদের বক্তব্যে চরম বিঘ্ন ঘটান।
একপর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান ইসমাইল বক্তব্য দেয়া শেষ করলে তার কয়েকজন সমর্থক কোদাল প্রতীকের স্লোগান দিলে তাদের গালাগাল দিয়ে থামিয়ে দেন সরকারি দলের লোকজন।
শনিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই বক্তব্য দেন সুজনের নির্বাহী কমিটির সদস্য কলামিস্ট আবুল মকসুদ।
আবুল মকসুদ বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। আমাদের এ মঞ্চ নিরপেক্ষ। আমরা সব সময় সন্ত্রাস, জঙ্গিবাদ, অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত দেশ গড়ার কাজে সহযোগিতা করি। যে দেশে গণতন্ত্র নেই, সে দেশ আধুনিক নয়।
বক্তব্য দেন এলডিপির মেয়র প্রার্থী কামাল প্রধান। তিনি দলীয় সিদ্ধান্তে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জানিয়ে মঞ্চ ত্যাগ করেন।
আওয়ামী লীগ প্রার্থী আইভী বলেন, যে কাজ করেনি, তার ভুল নেই; আর যে কাজ করেছে, তার ভুল থাকবেই। ৫ বছর কাজ করতে গিয়ে ভুলত্র“টি হয়ে থাকতে পারে। সিদ্ধিরগঞ্জ ও বন্দর পৌরসভা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে। এ দুটি পৌরসভাকে ভগ্নদশায় পেয়েছি। আমি সিদ্ধিরগঞ্জ ও বন্দরে কাজ করতে চেষ্টা করেছি। প্রচুর কাজ করার পরও শতভাগ করা সম্ভব হয়নি। ৫ বছরে ৭০ ভাগ কাজ শেষ করতে পেরেছি।
তিনি বলেন, আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। স্থানীয় সরকারের আওতায় সিটি কর্পোরেশন। আমি চাইলেই নগরী থেকে রাতারাতি যানজট দূর করতে পারব না। চাইলে গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান করতে পারব না।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, নগরীর সমস্যা অনেক। এগুলো দূর করতে হলে মাস্টারপ্লান ছাড়া সম্ভব নয়। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সিটি কর্পোরেশন নিয়ে একটি মাস্টারপ্লান তৈরি করব। সব রাজনৈতিক দলের শীর্ষ ও প্রবীণ নেতা, পেশাজীবী, ব্যবসায়ী এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে প্লান করে আধুনিক নগরী গড়ে তোলা হবে।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে ধুলামুক্ত শহর গড়ব। ভরাট খাল খননের মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকায় প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব। শীতলক্ষ্যা নদীর ওপর সেতু তৈরি করতে সচেষ্ট হব। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস নির্মূল করা হবে। গ্যাসের সমস্যা সমাধান করা হবে। বিদ্যুৎ ও পানির সমস্যা দূর করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্র্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল বলেন, আইভী নাসিকে দীর্ঘদিন দায়িত্বে থাকলেও অনেক কাজ অসমাপ্ত রেখেছেন। একসময়ের স্বচ্ছ শীতলক্ষ্যা নদী আজ বিষাক্ত নদীতে পরিণত হয়েছে। নির্বাচিত হলে নদী দূষণকারীদের চিহ্নিত করে নদীকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। শ্রমিকদের জন্য সব সরকারি দখল খাস জমি উদ্ধার করে কর্মের ব্যবস্থা করব।
ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা মার্কার মাসুম বিল্লাহ বলেন, শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। তিনি বলেন, হকারদের উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করে দুর্নীতিমুক্ত শহর গড়ব।
ইসলামী ঐক্যজোট প্রার্থী ইজহারুল হক বলেন, যানজট সমস্যা, জলাবদ্ধসহ নানা সমস্যা দূর করব। কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস বলেন, আমি পঞ্চায়েতভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে মাদক ও সন্ত্রাস দূর করার চেষ্টা করব। পাশাপাশি নারায়ণগঞ্জকে একটি বসবাসযোগ্য নগরী করতে কাজ করব।
প্রার্থীদের বক্তব্য শেষে জনতার পক্ষ থেকে তাদের প্রশ্ন করার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। উপস্থিত জনতা প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করার সুযোগ পান।











