বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক

 

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গভবনে বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এ প্রক্রিয়া। এ সংলাপে রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানাতে পারে দলটি। চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সংলাপে অংশ নেবে বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল। বিকাল ৩টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া।

image-11381

এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সার্বিক প্রস্তুতি শেষ করেছে দলটি। আলোচনার খসড়া নিয়ে কয়েক দিন সিনিয়র নেতারা দফায় দফায় বৈঠক করেন। সর্বশেষ শনিবার রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সেখানে সংলাপের ব্যাপারে তাদের মতামত নেয়া হয়। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে দলটি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানাতে পারেন খালেদা জিয়া। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপে বসতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হতে পারে।

বিএনপির সঙ্গে সংলাপের পর ২০ ডিসেম্বর বিকাল ৩টায় বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও সাড়ে ৪টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ ও ২২ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

গ্রহণযোগ্য, আস্থাভাজন ও দক্ষ ব্যক্তিদের নিয়ে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি, প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব করবে বিএনপি। রাষ্ট্রপতি চাইলে দলের পক্ষ থেকে সার্চ কমিটি ও ইসির জন্য সম্ভাব্য নামের তালিকাও দেয়া হতে পারে। এ ব্যাপারে তাদের প্রস্তুতি রয়েছে। সংলাপের সার্বিক বিষয় নিয়ে শনিবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেন খালেদা জিয়া। এর আগে কয়েক নেতাকে সম্ভাব্য নামের তালিকা সংগ্রহ করার দায়িত্ব দেয়া হয়। তারা দফায় দফায় বৈঠক করে নামের তালিকা তৈরি করেন। বৈঠকে সার্চ কমিটি ও ইসির জন্য একটি নামের তালিকা খালেদা জিয়ার কাছে তুলে দেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একটা সুযোগ তৈরি হয়েছে। একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি সেই সুযোগকে কাজে লাগাবেন বলে আমরা আশা করি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও সহনশীল পরিবেশ তৈরিতে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দেশের মানুষও রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আছে।’

তিনি বলেন, একটা স্বাধীন কমিশন গঠনে আমাদের নেত্রী একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার আলোকে একটি প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে।

দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকালে খালেদা জিয়া লিখিত বক্তব্য উপস্থাপন করবেন। এরই মধ্যে তার বক্তব্যের খসড়া চূড়ান্ত করা হয়েছে। খালেদা জিয়া তার বক্তব্যে দেশের সার্বিক চিত্র তুলে ধরবেন। বিশেষ করে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার কারণসহ দেশের চলমান গণতন্ত্রহীন পরিস্থিতি তুলে ধরবেন তিনি।

গত ১৮ নভেম্বর স্বাধীন কমিশন গঠনের লক্ষ্যে একটি প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। এরপর প্রস্তাবের কপি পৌঁছে দিতে রাষ্ট্রপতির সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। পরে একটি প্রতিনিধি দল প্রস্তাবের কপিটি বঙ্গভবনে পৌঁছে দেয়। গত ১২ ডিসেম্বর বঙ্গভবন থেকে চিঠি পাঠিয়ে সংলাপের জন্য বিএনপির কাছে ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম চাওয়া হয়। বৃহস্পপতিবার দুপুরে খালেদা জিয়াসহ বিএনপির ১০ সদস্যের প্রতিনিধি দলের নামের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়। খালেদা জিয়া ছাড়াও তালিকায় আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর শনিবার ১০ জনের সঙ্গে আরও তিনজনকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করতে মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে পাঠানো হয়। তারা হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

এদিকে বঙ্গভবন সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৩ করায় অন্য দল চাইলে তাদেরও প্রতিনিধি সংখ্যা বাড়ানো হতে পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত