ইসি পুনঃগঠন: রাষ্ট্রপতিকে কি বিএনপি বোঝাতে পারবে?
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পুনঃগঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ১৮ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির প্রতিনিধিরা। বৈঠকে ইসি পুনঃগঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবগুলো রাষ্ট্রপতি কতটা গ্রহণ করবেন তা নিয়ে চলছে আলোচনা।
গত ১৮ নভেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে খালেদা জিয়া ১৩ দফা প্রস্তাবনা তুলে ধরেন। এরপর প্রস্তাবের বিষয়ে কথা বলতে রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি চেয়েছিল বিএনপি।
তবে অনুমতি মেলেনি তখন। অনুমতি না পাওয়ায় খালেদা জিয়ার প্রস্তাবনা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে গিয়ে পৌঁছে দেন।
প্রায় ২০ মিনিট বঙ্গভবনে অবস্থানের পর বেরিয়ে আসেন বিএনপির দুই নেতা। তাদের কাছ থেকে খালেদা জিয়ার প্রস্তাবনা গ্রহণ করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব মাইনুর রহমান। চিকিত্সার উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে চলে যাওয়ায় বিএনপি প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাত্ হয়নি।
বঙ্গভবন থেকে বেরিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার প্রস্তাবনার কপি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি সিঙ্গাপুরে গেছেন। তিনি দেশে ফেরার পর এই কপি রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হবে বলে আশ্বাস দিয়েছেন সহকারী সামরিক সচিব।
রিজভী জানান, রাষ্ট্রপতি দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় বসবেন। তখন বিএনপির প্রস্তাবনাগুলো রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তার কার্যালয়ের কর্মকর্তারা।
খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দেয়ার ৬ দিনের মাথায় রাষ্ট্রপতির পক্ষ থেকে বিএনপিকে আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে চিঠি পাওয়ার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, আমরা চিঠি পেয়েছি। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়টি ঠিক করা হবে।
এদিকে আলোচনায় বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে নিরপেক্ষ কমিশন গঠন হতে যাওয়া সার্চ কমিটির জন্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করীমের নাম প্রস্তাব করবে বলে বিএনপির একটি সুত্র জানিয়েছে।
বৈঠকে ইসি পুনঃগঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবগুলো রাষ্ট্রপতি গ্রহণ করে তা অনুযায়ী প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচন কমিশন গঠনের মুলই হলেন রাষ্ট্রপতি। আর পরবর্তীতে যাতে নির্বাচনগুলো সুষ্ঠু হয় সে লক্ষ্যে বিএনপির প্রস্তাব তিনি গ্রহণ করবেন।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, রাষ্ট্রপতি খালেদা জিয়ার প্রস্তাবগুলো গ্রহণ করবেন বলে আমি আশা করছি। কারণ তিনি প্রস্তাব গ্রহণ না করলেতো আলোচনায় ডাকতেন না।
তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা চিন্তা করে তিনি (রাষ্ট্রপতি) খালেদা জিয়ার প্রস্তাবগুলো গ্রহণ করে ব্যবস্থা নিবেন বলে আমি মনে করি। কারণ ইসি গঠনে রাষ্ট্রপতিই প্রধান, তার ভূমিকাই মুখ্য।











