পর্নো দর্শকদের পরিচয় প্রকাশ করা হবে
নিজস্ব প্রতিবেদক : পর্নো সাইটে প্রবেশ করলেই প্রকাশ করে দেয়া হবে পরিচয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন।তিনি বলেন, দেশের পর্নো সাইটগুলো বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি বিদেশের পর্নো সাইটগুলোতে যারা ঢুকবে, তাদের পরিচয় প্রকাশেরও উদ্যোগ নেয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা কমিটি গঠন করে দিয়েছি। তারা যে পেজগুলো আমাদের দেবে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। দেশের মধ্যে যে সাইটগুলো জেনারেট করছে আইএসপি লাইসেন্সধারীদের বলছি সবাইকে যেনো ব্লক করে।
তিনি বলেন, বাইরে থেকে জেনারেট হওয়া সাইটগুলো শতভাগ বন্ধ করা সম্ভব নয়। দেশের গুলো যদি ৭০-৮০ ভাগও বন্ধ করতে পারি তাহলে অনেক বড় কাজ হবে। এছাড়া পর্নো সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশের চিন্তা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, যে সাইটগুলো ইন্টারন্যাশনালি জেনারেট করছে সেগুলো অ্যাক্সেস করতে হলে এমন কোনো মেকানিজম করতে পারি কি-না যাতে এক্সপোজড হয় কে কে অ্যাক্সেস করছে। ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকেই বানোয়াটভাবে করতে পারবেন। অ্যাট লিস্ট এক্সোপোজ হওয়ার ভয়েও কিন্তু দেখবে না। এ জিনিসটা করার জন্য পরিকল্পনা করছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে বলেছি। যেটা অ্যাপ্লাই করলে সুবিধাজনক, সেটি ব্যবহার করবো।











