নাসিক নির্বাচনে আইভী যোগ্য প্রার্থী : শামীম ওসমান
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে যোগ্য প্রার্থী উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, ‘আমাদের চিন্তার যেখানে শেষ সেখানে আমাদের আদর্শের মা শেখ হাসিনার চিন্তা শুরু। সুতরাং তার মনোনীত প্রার্থী আইভী নির্বাচনে জয়লাভ করবে সেটাই আমরা চাই।
আইভীর প্রতি আমার রাগ, ক্ষোভ, অভিমান কিছু নেই। প্রার্থীতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত ছিল না। তবে আমাদের অন্য পছন্দ ছিল। ’
আজ শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পার্শ্ববর্তী খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’-এ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘পত্রিকায় দেখেছি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আইভীর নৌকা ডুবে যাবে। আবার কখনো বলেছেন আইভীর ভাঙ্গা নৌকা। এটা খুব দুঃখজনক। উনারা হয়তো ভুলে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। মনে রাখতে হবে, এটা আইভীর নৌকা না, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা। নৌকা যখন ডুবানোর কথা হয় তখন আমাদের রক্ত মাথায় উঠে যায়। আমাদের নৌকা ডুববে না। কারণ নূহ (আ.) এর সময় নৌকা আমাদের বাঁচিয়েছে, নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমি সকলের মাধ্যমে আমাদের প্রার্থীর জন্য দোয়া চাইছি। কারণ আমি এমপি, তাই ভোট চাইতে পারছি না। তবে যদি আমার বোন আইভীর আমাকে প্রয়োজন পড়ে এবং যদি আমার নেত্রীর নির্দেশ পাই, তবে আমি সাংসদ পদ ছেড়ে তার পক্ষে মাঠে নামবো। ’
তিনি আরো বলেন, ‘বিএনপিকে মনে রাখতে হবে নৌকার একটি বৈঠা কিন্তু আইভীর বড় ভাই শামীম ওসমানের হাতেও আছে। আর ওই নৌকায় আওয়ামী লীগের লাখে লাখো নেতা-কর্মী রয়েছে। সে নৌকা ডুববে না। নৌকা ডুবানো তো দূরের কথা, নৌকার কাছেও আসতে পারবে না। বিএনপি নেতাদের সে বক্তব্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ওই বক্তব্যে আমরা ব্যথিত। ’
শামীম ওসমান বলেন, ‘বিএনপির তো কোনো ধরনের জনপ্রিয়তা নেই। সে কারণেই তৈমূর আলম খন্দকার, আবুল কালাম ও গিয়াসউদ্দিনকে খালেদা জিয়া অনেক আকুতি মিনতি করলেও তারা প্রার্থী হয়নি। কারণ, তারা বুঝে গেছে বিএনপির জনপ্রিয়তা নেই। বিএনপি এখন জনবিচ্ছিন্ন। বিএনপির প্রার্থীকে বলবো, ভোটের আগে আমাদের প্রার্থী আইভীর সঙ্গে বিতর্কে বসেন। সেখানে আগে জিতেন। ’
তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) থেকে টের পাবেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কি তেজ। আইভীর বিজয় সুনিশ্চিত করা আমাদের পক্ষ থেকে আইভীর জন্য সারপ্রাইজ। আর এ বিজয় কনফার্ম। ’
এ সময় আইভীর জন্য নৌকা প্রিন্ট করা দুটি শাড়ি উপহার দিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি তো প্রচারনায় নামতে পারবো না। তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দুটি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত রঙ থেকে। আমার বোন এটি পড়ে প্রচারণা করলে তার মনে পড়বে তার বড় ভাই শামীম ওসমান তার সাথে আছে। ’
তিনি আরো বলেন, ‘গণভবনে যখন নেত্রী আমাদের নিয়ে বসেন, এরপরে কিছু কিছু পত্রিকাতে সংবাদ প্রকাশ করে আমাদের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, বিভক্তি সৃষ্টি করে। কিন্তু আমরা দলচ্যুত না। ’











