বিজয় দিবসে হাতিরঝিলে চালু হচ্ছে ‘ওয়াটার ট্যাক্সি’ সেবা
নিজস্ব প্রতিবেদ
রাজধানীর যাতায়াতব্যবস্থায় আমূল পরিবর্তনে হাতিরঝিলে নামছে ‘ওয়াটার ট্যাক্সি’। রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ১৬ ডিসেম্বর উদ্বোধনের পর ট্যাক্সিগুলো গণপরিবহন হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
হাতিরঝিল প্রকল্পের পরিচালক মো. জামাল আকতার ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘চলাচলের জন্য ট্যাক্সিক্যাবগুলো উদ্বোধনের সময় গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।’
হাতিরঝিল প্রকল্পের ব্যবস্থাপক মেজর কাজী শাকিল হোসেন জানান, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে এ ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। ভাড়া হবে যথাক্রমে ২৫ ও ৩০ টাকা। পরবর্তী সময়ে এ সুবিধা গুলশান ও বারিধারায়ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রত্যেকটি ট্যাক্সিতে ২০ আসন করে রয়েছে, তবে যাত্রী যেতে পারবে ৩০ জন করে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আনা এ ট্যাক্সিগুলো কয়েকদিন আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পরীক্ষামূলকভাবে চালানো হয়। রোববার মধ্যরাতে চারটি ওয়াটার ট্যাক্সি ঢাকায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে আরও দুটি ওয়াটার ট্যাক্সি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই বাহন হাতিরঝিলকে ঘিরে থাকা রামপুরা, মগবাজার, সাতরাস্তা, মহাখালী, গুলশান ও বাড্ডা এলাকায় চলাচল যেমন সহজ করবে, তেমনি নির্মল বিনোদনের খোরাক হয়ে উঠবে নগরবাসীর।
এদিকে, হাতিরঝিলের পানি পরিষ্কার রাখার দাবি জানিয়ে মধুবাগের বাসিন্দা আসলাম উদ্দিন বলেন, ‘হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চালু হলে মানুষের উপকারই হবে। পানিতে যে দুর্গন্ধ, আমাদের বাসা থেকেও টের পাওয়া যায়। এই পানির ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করাটা কঠিন হবে। এজন্য আগে পানি পরিষ্কারের উদ্যোগ নিতে হবে।’ প্রিয়.কম











