বিমান অবতরণ যান্ত্রিক দুর্যোগ ছিল, আর কিছু না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হাঙ্গেরি সফরে যাওয়ার সময় বিমান দুর্ঘটনাটা ছিল একটা যান্ত্রিক দুর্যোগ, আর কিছু না। এতে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। তারপরও এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে দেখা যাবে আসলে কি হয়েছিল।ওয়াটার সামিট-২০১৬ উপলক্ষে চারদিনের হাঙ্গেরি সফরের উপর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার তিনি এ কথা বলেন।

হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সামিটে অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। সফর শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন তিনি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট কেনার পরামর্শ এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন এয়ারক্রাফটের কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আলাদা এয়ারক্রাফট কেনার বিলাসিতা করার মতো সময় আমাদের আসেনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার (খালেদা জিয়া) নির্দেশে দেশব্যাপী মানুষকে পুড়িয়ে হত্যা, হামলা করা হয়েছে। এখন তিনি প্রস্তাব দিচ্ছেন। আগে মানুষ হত্যার জবাব দেন, পরে প্রস্তাব নিয়ে কথা হবে।
শেখ হাসিনা বলেন, ঠিক আছে, উনার প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছেন। তিনিই (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নেবেন, কী করবেন। আমাদের এ বিষয়ে কিছু করার নেই।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন আছে, নির্বাচনও হচ্ছে। তারা (বিএনপি) আজ নির্বাচনে যাবে, কাল অংশ নেবে না। নির্বাচনে যখন জয়ী হয়েছে তখন ভালো, আর হারলেই ভালো না। নির্বাচনে অংশ নেবে না। বলবে ভালো না।
হাঙ্গেরির সফর দুই দেশের সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে হাঙ্গেরি সমর্থন দেয়। স্বাধীনতার পর স্বীকৃতিও দিয়েছে। বঙ্গবন্ধু তাদের সাথে চুক্তি করেছিলেন। কিন্তু পঁচাত্তরের পর সে সম্পর্কে স্থবিরতা নেমে আসে। কিন্তু আমার এ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করেছে বলে আমি মনে করি।
প্রধানমন্ত্রী বলেন, হাঙ্গেরি সফর যেমন বেশ গুরুত্বপূর্ণ, সেখানে অনুষ্ঠিত পানি সম্মেলন বিশ্বে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন মাত্রা দেবে বলে মনে করি।
সফরকালে হাঙ্গেরির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, হাঙ্গেরিতে বাংলাদেশী অভিবাসীদের প্রশংসা করেন দেশটির নেতারা। আমি তাদের (হাঙ্গেরির প্রধানমন্ত্রী) সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানেয়েছি। তারা আসার কথা বলেছেন।











