নাসিক নির্বাচন: গোলকধাঁধায় ভোটাররা
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপি দুই শিবিরেই রহস্য ঘনীভূত হচ্ছে। দলীয়প্রধানদের বোঝানো হচ্ছে, স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোনো দ্বিধা-শঙ্কা। তবে মাঠের চিত্র পুরো উল্টো। কারণ আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী ও দলীয় এমপি শামীম ওসমান অনুসারীরা অন্তর্দ্বন্দ্বে ভুগছেন। অপরদিকে, বিএনপিসমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রাজনৈতিক মহলে সুপরিচিত না হওয়ায় ওই শিবিরেও চাপা ক্ষোভ বিরাজ করছে। ফলে কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচিত করা হলেও নিজ নিজ শিবিরে সন্দেহ-সংশয়ের জট খোলেনি। ফলে নানা কারণে গোলকধাঁধায় পড়েছেন নারায়ণগঞ্জ সিটির ভোটাররা।
স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে আলাপে জানা যায়, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, অনৈক্য ততই বাড়ছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভী ও শামীমকে গণভবনে ডেকে পুরনো বিবাদ মিটিয়ে দেন। উভয়ই কেন্দ্রের মনোনীতি প্রার্থীর পক্ষেই কাজ করার অঙ্গীকার করেন। গণভবন থেকে নারায়ণগঞ্জে পৌঁছে শামীম ওসমান নৌকার প্রার্থীর মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, ‘বোন তুমি বাড়ি যাও, আমি তোমার নির্বাচন করে দিচ্ছি।’ এতে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে উৎসাহ দেখা দেয়। কিন্তু আইভীর ওসমান পরিবারের শীর্ষ ব্যক্তি ও প্রয়াত নেতাকে নিয়ে বিরূপ মন্তব্যের ইস্যুতে ক্ষণিকেই ঐক্য ভেঙে যায়। পুরনো বৈরিতা ফিরে আসায় দলীয় নেতাকর্মী ও ভোটাররা দ্বিধাদ্বন্দে পড়েছেন।
বিএনপি শিবিরেও একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। কারণ, ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার আইনজীবী হওয়ার কারণে কিছু ইমেজ তৈরি হয় ধানের শীষের প্রার্থীর। তবে রাজনীতিতে অপরিচিত হওয়ার কারণে কিছুটা সংকট রয়েছে তাকে নিয়ে। কারণ সাখাওয়াত হোসেনের অতীত কর্মকাণ্ডের কারণে বিএনপির একটি বড় অংশ ভেতরে ভেতরে ক্ষুব্ধ। বিএনপির অনেক নেতাও এখনো তার পক্ষে মাঠে নামেননি। তবে ক্ষমতাসীন শিবিরের মতো দ্বন্দ্ব প্রকাশ্যে না এলেও ভেতরে ভেতরে চলছে খেদোক্তি। ফলে দুই শিবিরের এই অনৈক্যের কারণে গোলকধাঁধায় পড়েছেন ভোটাররা। তাদের সঙ্গে আলাপেও এর সত্যতা মিলেছে।
সিদ্ধিরগঞ্জ শিমরাইলে কথা হয় রিকশাচালক কাশেম আলীর সঙ্গে। তিনি বলেন, বাজান আমরা গরিব মানুষ। ভোট আইছে, ভোট দিমু। তয় দুই দলেই কাইজ্যা-ঝগড়া। আমরা কার পক্ষ নিমু। চাষাঢ়া মোড়ে কথা হয় স্থানীয় বাসিন্দা রজ্জব সিকদারের সঙ্গে। তিনি আওয়ামী লীগের সাধারণ কর্মী পরিচয় দিয়ে ক্ষোভ ঝাড়লেন। বলেন, দল নমিনেশন দিছে। এইটা নিয়া আবার ক্যান ঝামেলা করব। আইভীতো কিছু না। এহানে নৌকা হলো বড় বিষয়। দুই গ্রুপ হইয়া যাওনে মানুষ এহন বিপদে আছে।
নারায়ণগঞ্জ রেলগেটে কথা হয় এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি অবশ্য নিজের নাম গোপন রাখতে অনুরোধ করেন। তিনি বলেন, আইভীর বিকল্প নারায়ণগঞ্জে নেই। কিন্তু শামীম ওসমান ও তার সমর্থকদের কারণে ভোটাররা আতঙ্কে আছেন। তিনি আইভীর পক্ষে কাজ করবেন কি না সেটা নিয়ে মানুষের মাঝে ধোঁয়াশা রয়েছে। তোফায়েল আহমেদ নামে বিএনপির এক কর্মী বলেন, সাখাওয়াতকে প্রার্থী দেয়ার কারণে বিএনপির অনেকে নাখোশ। যদি তাদের মধ্যে মতবিরোধ থাকে তাহলে সাধারণ কর্মীরা কোথায় যাবে?
দুই দলের সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চান দুই দলেই ঐক্য গড়ে উঠুক। কোনো ধোঁয়াশায় থাকতে চান না তারা। এ অবস্থা চললে সাধারণ কর্মীদের মধ্যে নানা শঙ্কা আর উদ্বেগের সৃষ্টি হবে। এ উত্তরণ থেকে বেরিয়ে আসতে চান ভোটাররাও।











