কারওয়ান বাজার সরছে আগামী বছর!
নিজস্ব প্রতিবেদক : কারওয়ান বাজার সরছে আগামী বছর। বহুল আলোচিত রাজধানীর এই বাজার স্থানান্তরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হলেও প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে ব্যবসায়ীদের নানা শর্তে।
শর্ত পূরণে কাজ চলছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, খুব শি

গগিরই এর সমাধান হয়ে যাবে। নির্দিষ্ট করে দিন-তারিখ বলতে না পারলেও আগামী বছরের শুরুতেই স্থানান্তর কার্যক্রম শুরু হতে পারে।
ডিএনসিসির অঞ্চল-৫-এর কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, কারওয়ান বাজার স্থানান্তরে ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। স্থানান্তরের বিষয়ে ব্যবসায়ীরা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। অন্যত্র সরে যেতে তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে ব্যবসায়িক সুযোগ-সুবিধা সংক্রান্ত কিছু দাবি তাদের রয়েছে। এসব দাবি ইতিবাচকভাবেই সাধ্যমতো পূরণে চেষ্টা করছে ডিএনসিসি। এটা হয়ে গেলে যেকোনো মুহূর্তে
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।
ঠিক কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হতে পারে-এমন জিজ্ঞাসায় অজিয়র রহমান জানান, নির্দিষ্ট করে বলা কঠিন। তবে আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি মাস থেকেই বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা যাবে।
কারওয়ান বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের জন্য প্রস্তাবিত নতুন তিন জায়গা-যাত্রাবাড়ী, আমিনবাজার ও মহাখালীতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে বাজার ছাড়তে ব্যবসায়ী মহল নারাজ ছিল। তবে পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে ডিএনসিসির প্রস্তাবে রাজি হয়েছেন ব্যবসায়ীরা। মূলত তাদের দেওয়া শর্তের কারণেই ঝুলে রয়েছে স্থানান্তর প্রক্রিয়া। প্রস্তাবিত তিন মার্কেটে দু’ধরনের স্পেস (২শ’ ও ৪শ’ বর্গফুট) রাখা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের দাবি, প্রত্যেক দোকান ও আড়তের জন্য ৪শ’ বর্গফুট করে জায়গা বরাদ্দ দিতে হবে। পাশাপাশি মার্কেটগুলোতে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে উপযুক্ত সড়ক ও অবকাঠামো উন্নয়নেরও দাবি আছে তাদের।
কারওয়ানবাজার কাঁচামাল আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবদুল মান্নান জানান, সরে যেতে আমাদের আপত্তি নেই। তবে ব্যবসায়িক স্বার্থে দাবিগুলো পূরণ করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা জানান, ব্যবসায়ীরা আসলে কারওয়ানবাজার ছাড়তে চান না। মূলত সে কারণেই এ রকম শর্ত দিয়েছেন তারা। এসব শর্ত দিয়ে তারা আসলে কালক্ষেপণ করার পাঁয়তারা করছেন। তবে করপোরেশন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এ কারণে ব্যবসায়ীদের দাবি পূরণে সাধ্যমতো কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কাজ করতে টাকা দরকার। তাই এরই মধ্যে ৫০ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।
এ অবস্থায় কাজ ঝুলে যাবে, এমনকি আদৌ বাজারটি স্থানান্তর হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে খোদ করপোরেশনেরই অনেক কর্মকর্তার মনে।
এমন সংশয় প্রসঙ্গে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজউদ্দিন জানান, কারওয়ানবাজার স্থানান্তর নিয়ে কোনো সংশয় নেই। বিষয়টি নিয়ে কাজ চলছে। ব্যবসায়ীরাও সরে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এটি এখন সময়ের ব্যাপার মাত্র।











