নোট বাতিল ইস্যুতে ভারতে দাঙ্গার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক :ভারতে ৫০০, ১০০০ নোট বাতিলের সিদ্ধান্তের জের ধরে অল্প দিনের মধ্যে প্রকাশ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে। এ আশঙ্কা করেছে দেশটিরশীর্ষ আদালত।

শুক্রবার দেশটির শীর্ষ আদালত জানিয়েছে নোট বাতিলের সিদ্ধান্তে গোটা দেশ জুড়েই অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটা চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে দাঙ্গা লেগে যাবে।
সরকারের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি আদালতে জানান ‘দেশের বিভিন্ন হাইকোর্ট ও নিম্ন আদালতে সরকারের এই সিদ্ধান্ত বদল করার জন্য যে জনস্বার্থ মামলা করা হয়েছে তার ওপর যেন স্থগিতাদেশ জারি করা হয়। পাশাপাশি শীর্ষ আদালতে সরকারের পক্ষে এও আর্জি জানানো হয় যে শীর্ষ আদালত যেন ওই মামলাগুলোর দায়িত্ব গ্রহণ করে।
এর সপক্ষে যুক্তি দিয়ে বলা হয় শীর্ষ আদালতের পাশাপাশি হাইকোর্টে যদি এই সম্পর্কিত মামলা চলে সেক্ষেত্রে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।
যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর ও অনিল আর দাভের ডিভিশন বেঞ্চ সরকারের এই আর্জি বাতিল করে দিয়ে বলেন হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলো থেকে আমরা এটা বুঝতে পারবো যে সাধারণ মানুষকে কী কী ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া ক্ষুব্ধ মানুষদের জন্য আমরা আদালত বন্ধ করতে পারি না।
এ সমস্যাকে অত্যন্ত গুরুতর ও জটিল বলে অভিহিত করে ডিভিশন বেঞ্চ জানান এটা অত্যন্ত গুরুতর একটি বিষয়। এটাকে বিশেষ বিবেচনার সঙ্গে দেখা দরকার। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কোনো মুহূর্তে দাঙ্গা লেগে যেতে পারে।
যদিও সরকারের তরফে এই অভিযোগকে অস্বীকার করে অ্যাটর্নি জেনারেল রোহতাগি বলেন এটা সম্পূর্ণ ভুল যে মানুষকে ধৈর্যের সঙ্গে ব্যাঙ্ক কিংবা এটিএম’এর বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আগের মতো লাইনে মানুষের সেই ভিড় হচ্ছে না।











