বুয়েটের সাথে ইসির দ্বন্দ্ব চরমে!
নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নিয়ে বুয়েটের সঙ্গে ইসির দ্বন্দ্ব চরমে উঠেছে। ইভিএম তৈরির জন্য প্রথমে বুয়েটের সাহাজ্য নেয় নির্বাচন কমিশন। বিভিন্ন করণে বুয়েট থেকে সরে আসে ইসি। এখন ভারতের সহযোগিতা নেবে ইসি। এ জন্য ১৯ সদস্যের ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন। যা অবিলম্বে কার্যকর হবে। ইসির মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাবেদ স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়।

সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন প্রস্তাবিত নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর কারিগরি ও ব্যবহারিক দিক, নির্বাচনে ব্যবহারের উপযোগিতা, সুবিধা, অসুবিধা ইত্যাদি পর্যালোচনার জন্য ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করা হল।
দ্বন্দ্বের কারণে নিজেরাই ইভিএম বানানোর চিন্তা করে ইসি। সেই সঙ্গে জালভোট ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার নিয়েও ভাবনা রয়েছে তাদের।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সিস্টেম এনালিস্ট কাজী মো. জিয়াউল হক বলেন, কমিশনের প্রস্তাবিত ইভিএমে কোনো সমস্যা আছে কি না, একজনকে ভোট দিলে সেটা আরেকজনের কাছে চলে যাবে কি না। এটাকে আরো আধুনিক করে যুগোপযোগী করা যায় কি না- এসব বিষয়ে মতামতের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এরা কমিশনের কাছে তাদের সুপারিশগুলো দিলে কমিশন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কি করা যায়।
তিনি জানান, নতুন এ পদ্ধতিতে আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ভোটার পরিচিতি নিশ্চিত করা হবে। এরপর ভোটারকে ইলেকট্রনিক ব্যালটে যেতে দেওয়া হবে। এ পদ্ধতি চালু হলে জাল ভোট দেওয়া বন্ধ হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, প্রস্তাবিত পদ্ধতিটি দুই ভাগে কাজ করবে। যার প্রথমভাগে থাকবে ‘সিকিউরিটি সিস্টেম’। এ পদ্ধতিতে ভোটারের বায়োমেট্রিক যাচাই করা হবে। আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলার পর নির্বাচনী কর্মকর্তা তাকে ব্যালট ইউনিটে যেতে দেবেন। এরপর ইভিএমে বাটন টিপে পছন্দসই প্রতীকে রায় দেবেন ভোটার। সেখানেও ভোটারের পরিচিতি নিশ্চিতে আঙ্গুলের ছাপ দিতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, বুয়েটের সহযোগিতায় ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনে আংশিক ভোটের মাধ্যমে ইভিএম চালু হয়। পাঁচ বছরের মাথায় সেগুলোর কয়েকটি বিকল হয়ে পড়ে।
জানা যায়, ইভিএমে ‘দেশীয় ব্যাটারি’ ব্যবহার নিয়ে ২০১৪ সাল থেকে দ্বন্দ্ব শুরু হয় বুয়েটের সঙ্গে। বুয়েট কর্তৃপক্ষের ভাষ্য, ওই ব্যাটারি ব্যবহারের কারণেই ইভিএমগুলো ঠিকমতো কাজ করছে না। দেশীয় ব্যাটারি ব্যবহার করে নির্বাচন কমিশন ‘চুক্তির স্বার্থ লঙ্ঘন করায় ত্রুটিপূর্ণ ইভিএম মেরামতে আগ্রহও দেখায়নি বুয়েট’।
অন্যদিকে দেশীয় ব্যাটারি ব্যবহার করে ভোটগ্রহণের ক্ষেত্রে ইভিএমে কোনো ত্রুটি পাওয়া যায়নি এমনটা দাবি ইসির। গত বছরের মার্চে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল দেওয়ার সময়ও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আগের সিটি নির্বাচনের সময় ইভিএমে সমস্যা দেখা দেওয়ার কথা জানান।
বুয়েটের সঙ্গে এ দ্বন্দ্বের কারণে অন্য কারো কাছে ধরনা না দিয়ে ভারতের সহযোগিতা নিয়ে নিজেরাই ইভিএম তৈরির পরিকল্পনা হাতে নেয় সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।











