বিদেশি অতিথিদের মুখে উন্নয়নের প্রশংসা
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন দেশের অতিথিরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির প্রশংসা করেছেন। তারা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার ঘোষণাও দিয়েছেন।
আগত অতিথিদের মধ্যে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট নেতা বিমান বসু বাংলাদেশ সরকারকে পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।
শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে এই পরামর্শ দেন বিমান বসু। তিনি বলেন, জমির দিক থেকে সমস্যার সমাধান করেছেন, কিন্তু নদীর দিক থেকে সমাধান হয়নি। আপনারা এই উদ্যোগ নিন, ভারত সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করবেন।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জি তার বক্তব্যে বলেন, ‘দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনো আমরা আলাদা হতে পারিনি।’ তিনি বলেন, ‘সবসময়ই আমরা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান দুই বাংলার মানুষেরই অনুপ্রেরণা।’
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। পার্থ চ্যাটার্জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।
সম্মেলনে ১১টি দেশের ৫৫ জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সম্মেলনের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি আগত অতিথিদের নাম ঘোষণা করেন।
রাশিয়ার ক্ষমতাসীন দলের নেতা সেলেক্সিয়া বলেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় তিনি কৃতজ্ঞ।
সেলেক্সিয়া আরো বলেন, বিশ্বে রাশিয়া ও বাংলাদেশের অবস্থান একই রকমের। বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক সমতা ও পারস্পরিক শ্রদ্ধার। এ জন্য তারা একে-অপরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই মধ্যে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এ বছরও দুই দেশের বাণিজ্যের লেনদেন ইতিবাচকভাবে বাড়ছে। বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও মন্তব্য করেন সেলেক্সিয়া।
সম্মেলনে অতিথি হিসেবে ১১টি দেশের ৫৫ জন প্রতিনিধি যোগ দিয়েছেন বলে আয়োজকরা জানান। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অতিথিদের নাম ঘোষণা করেন।
বিদেশি অতিথিদের মধ্যে রাশিয়া, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, অস্ট্রিয়া, নেপাল, ভুটান, শ্রীলংকা ছাড়াও ভারত থেকে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দল কংগ্রেসসহ আঞ্চলিক ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছেন।
বিদেশি অতিথিদের মধ্যে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি বিনয় প্রভাকর, রাজ্যসভার সদস্য অভিনেত্রী রূপা গাঙ্গুলী, অনির্বাণ গাঙ্গুলী এবং কংগ্রেস থেকে রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য, লোকসভার মৌসুম নূর এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি রয়েছেন।
ভারত থেকে আরো যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জি, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কর দেব; আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আবদুস সবুর দফাদার ও আমিনুল ইসলাম, আসাম গণপরিষদের প্রফুল্ল কুমার মোহন্ত ও ধ্রুবজ্যোতি শর্মা; মণিপুর পিপলস পার্টি থেকে সভাপতি নংমেইকাপাম শোভাকিরণ, সাধারণ সম্পাদক কণ্ঠুজাম কৃষ্ণচন্দ্র সিং এবং মাচাং সৈবাম; ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিনিধি পার্লামেন্ট সদস্য মাজেদ মেমন।
চীনের কমিউনিস্ট পার্টি থেকে এসেছেন আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং শিয়াওসং, মহাপরিচালক ইউয়ান ঝিবিন, উপপরিচালক জাই পেং ও কাও ঝিগ্যাংসহ পাঁচজন প্রতিনিধি।
যুক্তরাজ্য থেকে ওয়েলসের অ্যাসেম্বলি মেম্বার জেনি রাথবোন ও কার্ডিফ সিটি কাউন্সিলর দেলোওয়ার আলী; অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলর মনিন্দরজিৎ সিং ও লেবার পার্টির পার্লামেন্ট সদস্য হগ ম্যা কডারমট; ইতালির ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য উগো পাপাই; রাশিয়া থেকে ইউনাইটেড রাশিয়ার যুগ্ম মহাসচিব সের্গেই ঝেলেজনিয়াক ও উপদেষ্টা ভ্যালারিয়া গোরোকোভা এবং রিপাবলিকান পার্টি অব রাশিয়ার কেন্দ্রীয় নেতা আলেকজান্দর পোতাপভ যোগ দেন।
এ ছাড়া ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী দীননাথ ডুঙ্গায়েল ও সাবেক মন্ত্রী দর্জি ওয়াংদি; নেপালের কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্ক্সবাদী-লেনিনবাদী) নেতা সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাম শর্মা মহতসহ পাঁচজন, শ্রীলঙ্কার ধর্মমন্ত্রী ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা এ এইচ মোহাম্মাদ হাশিমসহ তিনজন এবং কানাডার কনজারভেটিভ পার্টির এমপি দীপক ওবেরয় সম্মেলনে উপস্থিত রয়েছেন। ঢাকাটাইমস











