বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেটে জিম্মি ঢামেক হাসপাতাল

 

নিজস্ব প্রতিবেদক : সিন্ডিকেটে জিম্মি দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। এখানে সেবা নিতে আসা রোগীদের কোনো না কোনো সিন্ডিকেটের খপ্পরে পড়তে হয়। হাসপাতালে ভর্তি, আসন পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা প্রতি পদে ভোগান্তির শিকার হতে হয় এই সিন্ডিকেটের কারণে। সেবার নামে ‘নির্দয় অ্যাম্বুলেস’ সেবা নিয়ে হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে একটি বড় সিন্ডিকেট। এরা একই সঙ্গে রোগীদের নানাভাবে প্রতারিত করে। বিভিন্ন হাসপাতালের এজেন্ট হিসেবেও কাজ করে। আর এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। অসহায় রোগীকে ঘিরে তারা গড়ে তুলেছেন নানা কিসিমের বাণিজ্য।

36115_f1

 

হাসপাতালের অ্যাম্বুলেন্সের সেবা প্রতিষ্ঠানটির কর্মচারীদের গড়া সিন্ডিকেটের কব্জায়। হাসপাতালে রোগীকে জিম্মি করে কর্মচারীরা অ্যাম্বুলেন্স বাণিজ্যে লিপ্ত হচ্ছেন। তাদের সঙ্গে সখ্য তৈরি করে হাসপাতালটির আশপাশে কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীও দেদারছে বাণিজ্য করে যাচ্ছে। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিন্ডিকেটটি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই সিন্ডিকেটের কাছে জিম্মি অসহায় রোগী ও স্বজনরা। সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স স্বল্পতার সুযোগে চক্রটি এ কাজে সক্রিয়। তারা অহরহ সাধারণ নিরীহ মানুষকে খপ্পরে ফেলে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে এই ব্যবসাটি এখন বেশ জমজমাট। গত কয়েক বছরে রাজধানীর হাসপাতালকে ঘিরে বেশকিছু অ্যাম্বুলেন্স ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে। সূত্র জানায়, ঢামেকের কর্মচারীদের গড়া ওই সিন্ডিকেটের সদস্য ওয়ার্ড বয় মাহফুজের অ্যাম্বুলেন্সের চাপায় গত শনিবার মারা গেছে মাতৃগর্ভের শিশুসহ পাঁচজন। এই সিন্ডিকেটের কারণে রোগী বা রোগীর স্বজনকে অ্যাম্বুলেন্সের ভাড়া চার-পাঁচ গুণ পর্যন্ত গুনতে হয়। সরকারি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা রোগীকে সেবা দেয়ার কথা থাকলেও রাতে হাসপাতালের চালকরা বেসরকারি অ্যাম্বুলেন্স সরবরাহকারীদের সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে। আবার কখনও কখনও তারা বেশি টাকায় সরকারি অ্যাম্বুলেন্সটি অন্যদের হাতে তুলে দেন, এমন অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মহানগরীতে সরকারি অ্যাম্বুলেন্সের সর্বনিম্ন ভাড়া ৩০০ টাকা। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার সুযোগে এসব ব্যবসায়ী চক্র রোগীদের জিম্মি করে তাদের নির্ধারিত মূল্যেই গন্তব্যে যেতে বাধ্য করে। ভাঙাচোরা ও লক্করঝক্কড় যেমনই হোক, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বা গন্তব্যে রোগী নিয়ে যাওয়ার জন্য স্বজনদের আর কোনো উপায়ও থাকে না। লাশ নিতে আরো হয়রানির শিকার হতে হয় সাধারণ নিরীহ মানুষকে। স্বয়ং হাসপাতালের কর্মচারী ও দালালদের হাতে রেখে অনেকটা রেন্ট-এ-কারের মতোই চালানো হচ্ছে এই অ্যাম্বুলেন্স ব্যবসা।

হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, ঢামেক, স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড হাসপাতাল), হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বক্ষব্যাধি ইনস্টিটিউট, শিশু হাসপাতাল ও অর্থোপেডিক হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালকে ঘিরে এসব অ্যাম্বুলেন্স চক্র গড়ে উঠেছে। এসব হাসপাতালের কর্মচারী ও দালালদের দৌরাত্ম্য অনেক বেশি। সাধারণ রোগীরা তাদের কাছে জিম্মি। তাদের বাইরে যাওয়ার কোনো উপায় থাকে না রোগী ও স্বজনদের। এ বিষয়ে ঢামেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে কথা হয় সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে। তারা জানান, বিভিন্ন মডেলের পুরনো গাড়ি বাইরে থেকে রংচং মেখে অ্যাম্বুলেন্স হিসেবে নামানো হয় রোডে। ওপরে লালবাতি ও হুইসেল বসিয়েই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়। বাইরে চকচক করলেও ভেতরে দেখা গেছে, রোগীকে শোয়ানোর মতো শুধু একটি সিট। আর দু-একজন বসার মতো আরেকটি সিট। বড় অক্ষরে লেখা অ্যাম্বুলেন্স। এভাবে চলছে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা। ঢামেক হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটি খুবই শক্তিশালী। কথা হয় হাসপাতালের কয়েকজন কর্মচারীর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, বিশাল এই হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে মাত্র চারটি। সেগুলোর মধ্যে একটি অকেজো। এসব অ্যাম্বুলেন্স দিয়ে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদেরই বেশির ভাগ ক্ষেত্রে আনা- নেয়া করা হয়। মাঝেমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগী স্থানান্তর করা হলেও নানা অজুহাতে নির্ধারিত তিনশ’ টাকার চেয়ে চার থেকে পাঁচগুণ অতিরিক্ত ভাড়া নিয়ে থাকেন চালকরা। সরকারি অ্যাম্বুলেন্সের টাকাই চালকদের পকেটে যায় বলে অভিযোগ রয়েছে। নিজের পরিচয় না দিয়ে ঢামেকের ওয়ার্ডবয় শরিফুল মোল্লার কাছে একটি অ্যাম্বুলেন্স চাইলে তিনি জানান, কোনো সমস্যা নেই। অনেক অ্যাম্বুলেন্স আছে। কোথায় যাবেন। বলেছি, ধানমন্ডি। শরিফুল জানান, ১০০০ টাকা লাগবে। সরকারি গাড়ি পাওয়া যাবে না। সরকারি গাড়ির ভাড়া কম।

এব্যাপারে ঢামেক হাসপাতালের পরিবহন শাখার ইনচার্জ মো. নাসির উদ্দিন নান্নু মানবজমিনকে বলেন, আমরা মহানগরীতে নির্ধারিত ৩০০ টাকাই ভাড়া নিয়ে থাকি। এর অতিরিক্ত ভাড়া নেই না। বিশেষ কোনো দরকার ছাড়া ঢাকার বাইরে যাওয়া হয় না বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, তাদের হাসপাতালে চারটি অ্যাম্বুলেন্স থাকলেও একটি নষ্ট। দু’টি দিয়ে রোগী ও ডাক্তার আনা-নেয়া করা হয়। প্রতিদিন দু’টি গাড়ি বসে থাকে। নাসির উদ্দিনও স্বীকার করলেন, হাসপাতালের সামনে অপেক্ষমাণ বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে হাসপাতালের ওয়ার্ডবয়দের এক ধরনের যোগাযোগ থাকে। তারা রোগীদের প্রায় সময়ই সরকারি অ্যাম্বুলেন্স নিতে নিরুৎসাহিত করে। হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর পক্ষেও মত দেন তিনি। বাইরে থাকা অ্যাম্বুলেন্সগুলোর কিছু ভালো থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই রেন্ট-এ-কারের মাইক্রোতে লালবাতি, হুইসেল ও ভেতরে একটি সিট দিয়ে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে। অনেকগুলোতে এসিও নেই। থাকলেও ঠাণ্ডা হয় না। এতে প্রায়ই আরো অসুস্থ হয়ে পড়েন রোগীরা।

সূত্র জানায়, অ্যাম্বুলেন্স ব্যবসা অনেকটা ওয়ার্ড বয় ও কর্মচারীদের নিয়ন্ত্রণে। কারণ কোনো ওয়ার্ড থেকে কোনো রোগী বের হবেন সেই তথ্য ওয়ার্ড বয়দের কাছে থাকে। প্রত্যেক ভাড়ার জন্য ওয়ার্ড বয়দের বাধ্যতামূলকভাবে ২০০ থেকে ৫০০ টাকা দিতে হয়। ঢাকার বাইরে দূরত্ব অনুযায়ী একটি অ্যাম্বুলেন্সের ভাড়া ৬ থেকে ১৬ হাজার টাকা দিতে হয়। ঢাকার আশপাশের জেলাগুলোতে গেলেও ৫ হাজার টাকা ভাড়া গুনতে হয় রোগী ও স্বজনদের।
সূত্র জানায়, ঢামেক হাসপাতালের সামনে বেসরকারি সমিতিভুক্ত এই চক্রে ৪০ থেকে ৫০টি অ্যাম্বুলেন্স ও প্রায় ৩০টি প্রাইভেটকার রয়েছে। এগুলো ঢামেক হাসপাতালের উত্তর প্রান্তে রাস্তার দুই ধারে রাখা হয়। যার কারণে ওই রাস্তার প্রায় দুই ভাগই এখন তাদের দখলে। এছাড়া হাসপাতালের চারপাশে আরো অর্ধশত মাইক্রো ও প্রাইভেট কার থাকে নিয়মিত। স্থানীয় ট্রাফিক পুলিশের সঙ্গে আপস করেই এসব মাইক্রো ও প্রাইভেটকার হাসপাতালের চারপাশে রাখা হচ্ছে বলে জানান অ্যাম্বুলেন্স মালিক সমিতির এক সদস্য। অ্যাম্বুলেন্সের একজন চালক জানান, তিনি যে গাড়িটি চালান, সেটিও হাসপাতালের একজন কর্মচারীর। মেডিকেল কলেজের কর্মচারী জরুরি ওটির ওয়ার্ড বয় কামালের ৩টি, ওয়ার্ড বয় মাহফুজের একটি, বাশারের দুটি, ওয়ার্ডবয় সাত্তারের তিনটি ও কিতাব আলীর মেয়ে মিনার একটি, সরদার জামালের তিনটি অ্যাম্বুলেন্স, ওয়ার্ডবয় শরিফুল মোল্লার একটি, ডোম সেকান্দার আলীর তিনটি, চালক ইউসুফ আলীর ২টি, চালক মোহাম্মদ আলী ও নাজিরের একটি করে অ্যাম্বুলেন্স, ফার্মাসিস্ট মনিরের একটি অ্যাম্বুলেন্স থাকার তথ্য পাওয়া গেলেও হাসপাতালের বেশির ভাগ কর্মকর্তা ও কর্মচারীর নামে-বেনামে অ্যাম্বুলেন্স আছে সেখানে।
ফলে হাসপাতাল প্রশাসনও তাদের কাছে অসহায়। ওই চালক আরো জানান, ১০ থেকে ২০ হাজার টাকা সমিতির ফান্ডে জমা দিয়েই এখানে গাড়ি নথিভুক্ত করতে হয়। এরপর নিয়মিত মাসিক চাঁদা দিতে হয়। অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে সপ্তাহে প্রতিটি গাড়ির জন্য ২শ’ টাকা চাঁদা তুলে থাকেন লাইনম্যান হিসেবে পরিচিত মোয়াজ্জেম হোসেন, জামাল ও আবুল হোসেন। এ টাকা পুলিশকে দিতে হয় বলে সূত্র জানিয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির এক নেতা বলেন, কয়েকজন মিলে আমাদের কাছ থেকে টাকা তুলেন। পরে এই টাকার ভাগ কে কে পান জানি না। তিনি জানান, তার গাড়ি ঢামেকের সামনে থেকে ধানমন্ডির ঝিগাতলায় কমপক্ষে ৮০০ টাকায় ভাড়া যাই। রোগীকে জিম্মি এবং সিন্ডিকেট করে ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সেবা করে ব্যবসা করি।
সিন্ডিকেট নয়। চলতি বছরের ১৬ই জানুয়ারি। রাত নয়টায় ঢাকার ডেমরা থেকে রোগী ফয়সালকে ঢামেকে নিয়ে আসেন তার এক আত্মীয়। রোগী গলায় ফাঁস দিয়ে আহত হয়ে ঢামেকে আসে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রাত ১০টায় রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তার চাচা সোহাগ মিয়া। তিনি বলেন, রোগীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নিয়েছে। ৩০০ থেকে ৪০০ টাকার ভাড়া নিয়েছেন ১৫০০ টাকা। চার-পাঁচ গুণ ভাড়া বেশি নিয়েছে। তিনি অক্ষেপ করে বলেন, এসব কি দেখার কেউ নেই?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ