নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলার নির্দেশ গণপূর্ত মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অনুমোদনহীন সব ভবন ভেঙে ফেলতে রাজউকের প্রতি নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ‘নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বিষয়ক’ সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের চেয়ারম্যান এবিএম বজলে করিম চৌধুরীসহ রাজউকের শীর্ষ কর্মকর্তা ও অথরাইজড অফিসাররা উপস্থিত ছিলেন।

রাজধানীর বর্তমান অবস্থার জন্য রাজউককে দায়ী করে গণপূর্তমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজউকের কর্মকর্তারা বিশেষ করে অথরাইজড অফিসারদের কার্যালয়ের লোকজন ঠিকমতো কাজ করলে এমন অবস্থা হতো না।
তিনি অবিলম্বে এ রকম ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়ে বলেন, প্রয়োজনে বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে ভাঙতে হবে, যাতে কেউ আদালতে গিয়ে স্থগিতাদেশ আনতে না পারে।
এ সময় মন্ত্রী আগামী এক মাসের মধ্যে নকশা বহির্ভূত ভবনের তালিকা তৈরি, অকুপেন্সি সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক, অনুমোদনহীন ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, রাজউকের কর্মকর্তা-কর্মচারিদের প্রতিদিনের কাজের হিসাব নিশ্চিত করার নির্দেশ দেন।
সভার শুরুতে মন্ত্রী জানতে চান অথরাইজড অফিসারদের কাজ কী।
ধানমন্ডি এলাকার অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান জানান, নকশা অনুমোদনের আগে সব কাগজপত্র তৈরির কাজ তারা করেন।
এ সময় মন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, আপনারা খালি নকশার অনুমোদন দেবেন। নকশামতো কাজ হচ্ছে কিনা, ঠিকমতো জায়গা ছেড়ে ভবন হচ্ছে কিনা সেটা দেখবেন না?
মন্ত্রী বলেন, আমার কাছে খবর আছে রাজউকের কয়েকজন অফিসারের ব্যক্তিগত অফিস রয়েছে। সেখানেই তারা সময় দেন। রাজউকে সময় দেন সপ্তাহে দু-তিন ঘণ্টা। এসব কর্মকর্তার অফিসের মাধ্যমে নকশা জমা দেয়া হয়। তারাই আবার ওইসব নকশা অনুমোদনের কাজ করেন।
একাধিক অথরাইজড অফিসার জনবল সংকটের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ৩০ জনের জায়গায় ১৫ জন থাকলেও অনেক কাজ করা সম্ভব। একজন অথরাইজড অফিসার, ইন্সপেক্টর, সহকারী ইন্সপেক্টর সপ্তাহে একদিনও মাঠে গেলে এভাবে নকশাবর্হিভুত ভবন গড়ে ওঠার কথা না। কিন্তু তারা কাজটা করেন না। এ সময় মন্ত্রী অথরাইজড অফিসারদের মাঠ পরিদর্শন করে প্রতি মাসে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন। কোন অঞ্চলে কতটা ভবন উঠছে, কতটা নকশা অনুমোদন হয়েছে, মাঠে গিয়ে কয়টার কাজ বন্ধ করেছেন ইত্যাদি বিষয় রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় সচিব শহিদউল্লাহ খন্দকার বলেন, প্রয়োজনে মন্ত্রণালয়ের প্রতিনিধিও তাদের কাজ গোপনে তদারক করবে অথরাইজড অফিসার-ইন্সপেক্টররা মাঠে গিয়ে কাজ করছে কিনা।
মন্ত্রী বলেন, যখন জব্বার টাওয়ার, ডোরিন টাওয়ার, সানমুন টাওয়ার তৈরি হলো, তখন রাজউকের লোকজন কি দেখেনি? রাজউকের পাশেই তো সানমুন টাওয়ার হয়েছে। তাহলে এগুলো হলো কিভাবে? ১০ তলার জায়গায় যখন ১৫ তলা করে, তখন রাজউকের লোকজন কোথায় থাকে?
এ সময় মন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, একটি ভবনের নকশা অনুমোদনের সময় ফুটপাতের জন্য অন্তত পাঁচ ফুট জায়গা ছাড়ার কথা। নকশায় থাকলেও একটি ভবনও সেটা করে না।
তিনি তাৎক্ষণিকভাবে অথরাইজড অফিসারদের নিয়ে যেকোনো এলাকা পরিদর্শনে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তিনি বলেন, প্রয়োজনে অফিস বাদ দিয়ে এক মাস প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ঢাকা শহর ঘুরবেন। রাজউকের কর্মকর্তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন কোথায় কোথায় সমস্যা।
রাজউকের কয়েকজন কর্মকর্তা উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে পুলিশ না পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করলে মন্ত্রী বলেন, সব সময় পুলিশ নিয়ে যেতে হবে কেন? আপনারা যান। প্রয়োজনে মার খান। কিন্তু কেউ তো এখনো মার খাননি। কেউ তো তার কাছে গিয়ে বলেননি এটা ভাঙতে গিয়েছিলেন। এই সমস্যায় পড়েছেন। এখন থেকে প্রয়োজনে মন্ত্রী নিজেও যাবেন বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, হলি আর্টিজানে যে বাণিজ্যিক কার্যক্রম চলত, গুলশান জোনে ১৫-১৬ জন কাজ করে। কারো চোখে পড়ল না। তাদের সামনেই তো হয়েছে। তাহলে এই লোকজনগুলো কোথায় ছিল। তারা কী কাজ করে।
সম্প্রতি ঢাকার চারপাশের নদ-নদীর চিত্র দেখার অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, অনেক ডেভলপার হুলুস্থুলভাবে জলাশয় ভরাট করছে। তারা কি অনুমতি নিয়েছে? জলাধার আইন অনুযায়ী তো এগুলো ভরাট করার সুযোগ নেই। দেখে মনে হয়, ঢাকা শহরের কোনো মা-বাপ নেই। এ রকম যদি হয়, তাহলে রাজউককে ঢেলে সাজানো ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রয়োজনে মোবাইল কোর্ট নিয়ে যান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
মন্ত্রী বলেন, বারিধারায় একটি হোটেল নিয়ম লঙ্ঘন করে তৈরি হচ্ছিল। সেই খবর তার কাছে গেল, অথচ রাজউকের কারো কাছে গেল না। কেন রাজউকের অথরাজইড অফিসারকে ফোন করে হোটেলের কাজ বন্ধের নির্দেশ দিতে হলো- সে প্রশ্ন রাখেন তিনি।
মন্ত্রী বলেন, নকশায় অনুমোদন নেয় এক রকম। আর ভবন বানায় অন্য নকশায়। এভাবে অনুমতি ছাড়া ভবন করবে, আর রাজউক ভাঙতে পারবে না। এটা হবে না। এ রকম কয়েকটা ভবন বুলডোজার দিয়ে দ্রুত গুড়িয়ে দেয়ার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, প্রয়োজনে বৃহস্পতিবার নোটিশ দেবেন। ওই দিনই ভাঙার কাজ শুরু করবেন। আর আদালত যদি এসব ভবনের ব্যাপারে মালিকদের আশ্রয় দেন, তাহলে রাজউকের পক্ষ থেকেও আদালতকে অনুরোধ করা হবে। আর ভবন মালিকদের অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে। এখন থেকে এ ধরনের ভবন মালিকের প্রকৌশলীরও স্বাক্ষর রাখতে হবে, যাতে ভবিষ্যতে ওই প্রকৌশলীকে ধরা যায়। যারা অকুপেন্সি সার্টিফিকেট দেখাতে পারবে না, সেবা সংস্থাগুলো তাদের পানি-বিদ্যুৎ-গ্যাস সংযোগ দেবে না। এ ব্যাপারে শিগগিরই নির্দেশনা দেয়া হবে, সেবা সংযোগের ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক।
মন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে অথরাইজড অফিসাররা তালিকা দেবেন কার অঞ্চলে কতগুলো ভবন নির্মিত হচ্ছে, সেগুলো নকশা মান্য করে হচ্ছে কিনা। এখন থেকে নকশা অনুমোদনের পর প্রতিটি ভবনের নিচতলার লেআউট দেয়ার সময় রাজউকের প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে।
গৃহায়ণ মন্ত্রী বলেন, জমির মালিকরা যদি নকশা অনুযায়ী কাজ না করে, তাহলে নকশার পর ভবন নির্মাণের দায়িত্বও রাজউককেই নিতে হবে। জবাবদিহিতা না থাকলে শত মিটিং করেও কাজ হবে না।
রাজউকের চেয়ারম্যান বজলে করিম চৌধুরী বলেন, কার এলাকায় কতটা ভবন উঠছে, তার জরিপ থাকা উচিত। প্রত্যেক মাসে কে কয়কটি ভবন পরিদর্শন করেছেন, কয়টা ভবন উঠছে, সেটার রিপোর্ট দিতে হবে। একজন অফিসারকে দিয়ে সেটা ফলো করানো হবে।
রাজউকের বোর্ড সদস্য আব্দুর রহমান বলেন, অথরাইজড অফিসার মনে করলে কারো বাবার ক্ষমতা নেই সেখানে নকশা বরখেলাপ করে ভবন বানানোর। প্রয়োজনে দুয়েকটা ভবন ভেঙে দেন। তাহলে এগুলো কমবে। কিন্তু এখানে অবশ্যই কোনো দুর্বলতা আছে।











