আত্মঘাতী স্কোয়াডের এক নারী জেএমবি গ্রেফতার
নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে জেএসবির আত্মঘাতী স্কোয়াডের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। আটক জেএমবি সদস্য মোছা. আকলিমা (২৫) খাতুন কাজিপুর উপজেলার বড়ইতলা পশ্চিমপাড়া গ্রামের আজিজের মেয়ে। রোববার ভোর রাতে দিকে ডিবি পুলিশ সদর থানার কড্ডার মোড় এলাকা থেকে তাকে আটক করেন। সে এর আগে আটক জেএমবি সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ছিল। রবিবার বিকেলে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করেছেন। আদালত আগামী মঙ্গলবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য্য করেছেন।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ২০১৫ সালের কোরবানী ঈদের পরের দিন জেএমবি নেতা তালহা ওরফে রবিন জেএমবি সদস্য আছিয়াদের বাড়ি আসলে সে আছিয়াদের বাড়ি যায় ও আটক রাজিয়া, সালমা, শাকিলা এবং তালহার সঙ্গে গোপন বৈঠক করে। সে আত্মহত্যা স্কোয়াডের সদস্য বলেও স্বীকার করেছেন।
এছাড়াও আকলিমা জেএমবির হয়ে কাজ করার জন্য নারী আত্মঘাতী দলের সদস্য সংগ্রহ করতেন বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বিকেলে তাকে কাজীপুর থানার মামলা নং ১(৯)২০১৬ এর পলাতক আসামী হিসাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোট পরিদর্শক শহীদুল্লাহ জানান, ৫ দিনের রিমাণ্ড চেয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত মঙ্গলবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।











