গোয়াতে ব্রিকস ও বিমসটেকে ব্যস্ত থাকবেন শেখ হাসিনা
নিউজ ডেস্ক : গোয়া শহরের ডাবোলিম বিমানবন্দরে রবিবার সকাল দশটা নাগাদ বাংলাদেশ বিমানের বিশেষ এয়ারক্র্যাফটে এসে নামবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিকস শীর্ষ সম্মেলন তথা বিমস্টেক আউটরিচে যোগ দিতেই তাঁর এই সফর। আরব সাগরের তীরের এ শহরে ব্রিকস ও বিমস্টেকে ব্যস্ততার তুঙ্গে থাকবেন তিনি, যদিও হাতে সময় থাকবে ২৪ ঘণ্টারও কম।
গোয়ার দক্ষিণ প্রান্তে ক্যাভোলেসিম সৈকত ঘেঁষে যে পিচঢালা মসৃণ রাস্তাটা চলে গেছে, তার একেবারে শেষ মাথায় আর সাগরের কোল ঘেঁষে বিলাসবহুল হোটেল লীলা। বিমস্টেক আউটরিচের ভেন্যু হিসেবে জন্য ভারত এই হোটেলটিকেই বেছে নিয়েছে, আর যথারীতি এটাই হবে গোয়াতে প্রধানমন্ত্রীর ঠিকানা।
আসলে ব্রাজিল-রাশিয়া-ভারত-চীন-দক্ষিণ আফ্রিকা মিলে যে ব্রিকস জোট, সেখানে গত কয়েক বছর ধরেই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ তার অঞ্চরের অন্য দেশগুলোকেও সেখানে আমন্ত্রণ জানায়। দক্ষিণ আফ্রিকার জেকব জুমা, রাশিয়ার ভ্লাদিমির পুতিন সবাই এমনটাই করে আসছেন – আর ঠিক একই পন্থায় নরেন্দ্র মোদি গোয়াতে আমন্ত্রণ জানানোর জন্য বেছে নিয়েছেন ভারতের নতুন পছন্দের প্ল্যাটফর্ম বিমস্টেককে।

বিমস্টেকের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শেখ হাসিনার এই জোটের প্রতি একটা আলাদা আগ্রহ ও দায়বদ্ধতা আছেই। ১৯৯৭’র জুনে ব্যাঙ্ককে যখন চার দেশ মিলে এই জোটের সূচনা করে, তখন উপস্থিত রাষ্ট্রনেতাদের মধ্যে একমাত্র শেখ হাসিনাই গোয়াতে আসছেন। তখন যারা ছিলেন, সেই ভারতের আই কে গুজরাল (প্রয়াত), শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গাও এখন রাজনীতি থেকে অনেক দূরে। ফলে উনিশ বছর পর এসে গোয়াতে শেখ হাসিনা তার পুরনো একটা স্বপ্নের বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন বলা চলে। দায়িত্বটাও তার বেশি। কারণ প্রতিষ্ঠাতাদের মধ্যে হাজির থাকছেন একা তিনিই।
গোয়াতে নামার একটু পরেই বিমানবন্দর থেকে সটান তিনি এসে উঠবেন প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের হোটেল লীলায়। দুপুরে গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি ভোজসভার আয়োজন করেছেন, সেখানেই দুপুরটা কাটবে তার।
দুপুরের পর থেকেই একে একে সব বৈঠক। বিমস্টেকের নেতারা, যাদের মধ্যে আছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড, মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর আং সান সু চি বা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনাও, তারা নিজেদের মধ্যে যেমন বৈঠক করবেন – তেমনই মিলিত হবেন সফররত ব্রিকস শীর্ষ নেতাদের সঙ্গেও। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তো গোয়ায় এসেছেন সোজা বাংলাদেশ সফর থেকেই। ফলে মাত্র দেড় দিনের মধ্যেই তাঁর আরও একবার সুযোগ হবে শেখ হাসিনার সঙ্গে দেখা করার।
এ ধরনের যে কোনও জোটের শীর্ষ সম্মেলনের অবকাশে রাষ্ট্রনেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হতে থাকে অনবরত – গোয়াতেও যথারীতি এর ব্যতিক্রম ঘটছে না। শেখ হাসিনার সঙ্গে যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছেই – তবে সেটা হতে হতে রবিবার প্রায় রাত সাড়ে ন’টা বেজে যাবে। কিন্তু বৈঠক গড়াতে রাত যতই হোক, এই দ্বিপাক্ষিক বৈঠকটা হবেই।
আসলে আড়াই বছর আগে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই সত্যিকার অর্থে শেখ হাসিনার প্রথম সরকারি ভারত সফর। মাঝে একবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী-বিয়োগের পর তার শেষ যাত্রায় যোগ দিতে শেখ হাসিনা দিল্লিতে এসেছিলেন বটে, কিন্তু সেটা সেই অর্থে রাষ্ট্রীয় সফর ছিল না। তা ছাড়া গত দুবছর ধরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশেও মোদি-হাসিনা বৈঠক হয়ে আসছে – কিন্তু এ বছর সেপ্টেম্বরে মোদি আমেরিকা না-যাওয়ায় তা হতে পারেনি। ফলে সেই বার্ষিক মোলাকাতটা গোয়াতে পুষিয়ে নেওয়ার তাগিদও থাকছে।
গোয়ার সড়কে উড্ডীন বাংলাদেশসহ ব্রিকস-বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর পতাকা
গত মাসেই নিউ ইয়র্কে অবশ্য দেখা হয়েছিল শেখ হাসিনা ও আং সান সু চি-র। তা সত্ত্বেও গোয়াতে আরও একবার দুজনের বৈঠকের সম্ভাবনা থাকছে। এমনকি নেপালের নতুন প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা প্রচণ্ড কিংবা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে – যদিও এগুলো চূড়ান্ত হবে একেবারে শেষ মুহূর্তে এসে।
সোজা কথায়, রবিবার সকালে গোয়াতে পা রাখার পর থেকেই একের পর এক ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি শেখ হাসিনার – যা শেষ হতে হতে গভীর রাত হয়ে যাবে বলে বাংলাদেশের কূটনীতিকরা ধারণা করছেন। রাতেও তিনি কতটুকু ঘুমোনোর সুযোগ পাবেন বলা মুশকিল, কারণ সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ আবার ছেড়ে যাবে তাঁর ঢাকায় ফেরার বিমান।











