পাঁচ সিটির ৪১৭ ঝুঁকিপূর্ণ ভবন ডিসেম্বরের মধ্যে অপসারণ
নিউজ ডেস্ক : চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৪১৭টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ঢাকার (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন) ৩২১টি ভবন, খুলনার ৪০ টি, সিলেটের ৩২টি, চট্টগ্রামের ২৪টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।
সংশ্লিষ্ট সিটি করপোরেশনের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে এসব ভবন ভেঙ্গে ফেলার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙ্গার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের চার নম্বর ভবন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবন, ঢাকা মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেট মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ মোট ১০টি ভবনকে আধুনিক প্রযুক্তিসম্মত ব্যবস্থা গ্রহণ করে শক্তিশালী করারও অনুরোধ জানানো হয়েছে। এসব ভবন পুরনো হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল রাজউক ও সিটি করপোরেশনকে দেয়া এক আদেশে এই ৩২১টি ভবন অপসারণে এক মাস সময় দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ২০১৪ সালের ১৫ জুন জাতীয় সংসদে রাজধানীর এই ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কথা জানান। অবশ্য গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক হাজার। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করে তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিতেও এর আগে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিল সরকার।
আগামী ১৩ অক্টোবর বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১১ এবং ১২ অক্টোবর দুর্গাপূজা ও মহররমের ছুটি থাকার কারণে বাংলাদেশ দিবসটি পালন করবে ৯ অক্টোবর রবিবার।
ওই দিন রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় জনগণকে সচেতন করতে বাংলাদেশ সচিবালয় ওই দিন একটি মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়াকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান শাহ কামাল। উদ্ধার ও সচেতনতামূলক এই দুইটা পর্যায়ে এই মহড়া হবে। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
ইত্তেফাক











