স্মার্ট কার্ড বিতরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্রের উন্নত সংস্করণ স্মার্ট কার্ড বিতরণের শুরুতেই অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। স্মার্ট কার্ড বিতরণে আনস্মার্ট চিত্র ছিল সর্বত্রই। দশ আঙ্গুলের ছাপ দিতে গিয়ে কারিগরি ত্রুটির হয়রানির শিকার হতে হচ্ছে সংশ্লিষ্টদের। জাতীয় ভাবে প্রচার চালানো হলেও স্থানীয় ভাবে কোনো প্রচার না থাকায় বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা। গতকাল সোমবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি। নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কারিগরি বিশেষজ্ঞ বলেছেন, প্রথম দিন বেশ কিছু সমস্যা হয়েছে। তবে আগামী দিনগুলোতে কার্ড বিতরণের ক্ষেত্রে এই সমস্যা আর থাকবে না। ভোগান্তি আর অব্যবস্থাপনার পরও স্মার্ট কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী স্মার্ট কার্ড উদ্বোধনের পর গতকাল আনুষ্ঠানিকভাবে ঢাকার উত্তরা ও রমনা এবং কুড়িগ্রামের বিলুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলে বিতরণ শুরু হয়। দাশিয়ারছড়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদু্জামান বলেন, সোমবার উত্তরার এক নম্বর ওয়ার্ডে হাই স্কুল অ্যান্ড কলেজ ক?্যাম্পে উত্তরা থানার মডেল টাউনের সেক্টর ১ ও ২ এর নারী-পুরুষ সব ভোটার এবং রমনার ১৯ নম্বর ওয়ার্ডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক?্যাম্পে কাকরাইলের রমনা ও মতিঝিল থানার অংশ, ডিআইটি কলোনি, নিউ বেইলি রোডের সব ভোটারের মধ্যে স্মার্ট কার্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, স্মার্ট কার্ড নিতে ভোটাদের বিতরণ কেন্দ্রে হাজির হয়ে পুরনো লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জমা দিতে হচ্ছে। যারা নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি হাতে পাননি, তাদের মূল নিবন্ধন স্লিপ দেখাতে হবে। যাদের এনআইডি বা স্লিপ হারিয়ে গেছে তাদের থানায় জিডি করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
গতকাল উত্তরা হাইস্কুলে বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্মার্ট কার্ড বিতরণে আনস্মার্ট চিত্র। কলেজ ভবনের নীচতলায় বেঞ্চ নিয়ে বসে আছেন প্রায় ২৫ জন কর্মী। সকালে উত্তরা এলাকার নাগরিকদের উপচেপড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই লোকসমাগম কমতে থাকে। সংশ্লিষ্টরা জানান, গতকাল উত্তরা ১ ও ২ নম্বর সেক্টরের স্মার্ট কার্ড বিতরণের জন্য পূর্ব নির্ধারিত দিন থাকলেও সারাদিনই পুরো উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরের নাগরিকরা এসে ভিড় করেছেন। বিতরণ কর্মীদের অদক্ষতা, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, দুর্বল প্রচার ব্যবস্থা ও সার্বিক অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ নাগরিকরা।
শুরু দিনেই কারিগরি ত্রুটি
গতকাল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরুর দিনেই সকালে উত্তরায় এক ঘণ্টার জন্য কার্যক্রম স্থবির হয়ে পারে। সফটওয়ারের কারিগরি ত্রুটির কারণে ওই সময়ে আঙ্গুলের ছাপ ও আইরিশের ছবি দিয়েও কার্ড হাতে পাননি নাগরিকরা। দুপুরের পরে তাদের ফোন করে ডেকে কার্ড বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সকালের দিকে কারিগরি ক্রটি হয়েছিল। পরে তা সংশোধন করা হয়েছে। যাদের কার্ড দেওয়া সম্ভব হয়নি তাদের ফোন নম্বর রেখে এখন কল করে স্মার্ট কার্ড বুঝিয়ে দেওয়া হচ্ছে। উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা মো. শাহজালাল স্বীকার করেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে’ উত্তরা হাই স্কুল ও কলেজ কেন্দ্রে বিতরণ শুরু করতে কিছুটা দেরি হয়েছে।
অদক্ষ কর্মী ও প্রচারে বিভ্রান্ত্রি
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দিনভর পর্যবেক্ষণ করে দেখা গেছে এক একটি কার্ড বিতরণ করতে ২০/২৫ মিনিট সময় নেওয়া হচ্ছে। ফলে গতকাল নির্ধারিত এলাকার অর্ধেক কার্ডও বিতরণ করা সম্ভব হয়নি। উত্তরা ১ নম্বর সেক্টরের, ৩ নম্বর রোডের বাসিন্দা মোস্তফা কামাল প্রায় ৪০ মিনিট ধরে চেষ্টা করেও কার্ড পাননি। কারণ তার আঙ্গুলের ছাপ নিতে পারছে না মেশিন। পরে বায়োমেট্রিক মেশিন পরিবর্তন করে চার আঙ্গুলের পরিবর্তে তার একটি একটি আঙ্গুল করে দশ আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তাতেও সমাধান হয়নি। পাশেই বসে ২৫ মিনিটে আঙ্গুলের ছাপ ও আইরিশের ছবি দেন নাসরিন হক। পরে তার কার্ড খুঁজতে গিয়ে জানা গেল তিন ৪ নম্বর সেক্টরের ভোটার, বর্তমানে ১ নম্বর সেক্টরের বাসিন্দা। গতকাল পর্যন্ত তার স্মার্ট কার্ড উত্তরা কেন্দ্রে আসেনি। শুরুতেই তার এলাকা যাচাই না করেই গতকাল তার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। এখন ৪ নম্বর সেক্টরের কার্ড বিতরণের দিন তাকে নতুন করে আঙ্গুলের ছাপ দিতে হবে কি-না এমন প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট বিতরণ কর্মী কোনো উত্তর দিতে পারেন নি।
প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে কার্ড নিতে আসেন ১ নম্বর সেক্টরের বাসিন্দা তোফায়েল মিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ অফিস করবে, না কার্ড নিবে। আজ কার্ড বিতরণ করা হচ্ছে কোন্ যুক্তিতে। ইসির মাথায় থাকা উচিত ছিল অফিস খোলার দিনে সব মানুষ আসতে পারবে না। কার্ড বিতরণের জন্য শুক্র ও শনিবার বেছে নিলেই সবচেয়ে ভালো হতো। তা ছাড়া এলাকাভিত্তিক মাইকিং করেও প্রচার চালানো উচিত ছিল।
রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কার্ড প্রত্যাশীদের ভিড়। মূলত সেখানে কাকরাইল (রমনা অংশ), ডিআইডি কলোনী, নিউ বেইলী রোডে, কাকরাইল (মতিঝিল অংশের) বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। কিন্তু সেখানে ১৯ নম্বর ওয়ার্ডের অন্য এলাকার অনেকেই ভিড় করেন। বেশিরভাগ মানুষ স্মার্ট কার্ড পেয়ে উল্লসিত। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের তিনটি কক্ষে ছয়টি টিম কাজ করছে। নির্বাচন কমিশনের জনবলের তুলনায় নাগরিকের উপস্থিতি অনেক বেশি। কাজ সামলাতে বেগ পেতে হচ্ছে। কার্ড নেয়ার সময় ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হচ্ছে। এ কেন্দ্র থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাঁচ শতাধিক কার্ড বিতরণ করা হয়েছে। তবে অব্যবস্থাপনার অভিযোগ তুললেন বেশ কিছু নাগরিক।
ভুল তথ্যেই স্মার্ট কার্ড
উত্তরা ২ নম্বর সেক্টরের বাসিন্দা লুত্ফুন নাহার কার্ড হাতে নিয়ে বলেন, নতুন কার্ড হাতে পেয়ে তাতে খুশি হয়েছি। তবে তার প্রত্যাশা ছিল নতুন কার্ড নেয়ার সময় সর্বশেষ তথ্য সমৃদ্ধ করে কার্ড দেয়া। কিন্তু তিনি দেখেন তাকে পুরোনো তথ্যেই কার্ড দেয়া হয়েছে। এখন সংশোধিত তথ্যে স্মার্ট কার্ড পেতে হলে কি করতে হবে এই বিষয়ে কারোর কাছেই তিনি কোনো গ্রহণযোগ্য উত্তর পাননি।
দুই দিনের নোটিসে নিয়োগ দুই ঘন্টার প্রশিক্ষণ
নাম না প্রকাশের শর্তে একজন বিরতণ কর্মী জানান, মানুষ কার্ড নিতে এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। স্মার্ট কার্ডে ভুল থাকলে কিভাবে সংশোধন করা যাবে বা কোনো ব্যক্তি কিছুদিন আগে এনআইডি সংশোধন করলেও কেনো তার স্মার্ট কার্ডে পুরোনো ভুল তথ্যই আছে— এমন বিষয়ে জানতে চান। কিন্তু কিছুরই উত্তর তাদের কাছে নেই। কারণ হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী ওই বিতরণ কর্মী জানান, মাত্র দুই দিনের নোটিসে তারা এই কাজের জন্য নিয়োগ পেয়েছেন। এরপর তাদের মাত্র দুই ঘন্টার প্রশিক্ষণ দেয়া হয়েছে।
স্মার্ট কার্ড বিতরণে অব্যবস্থাপনার বিষয়ে উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজালাল বলেন, শুরুতে কিছু ত্রুটি হয়েছে। কিন্তু তা আমরা দ্রুতই সেরে নিয়েছি। প্রচারের দুর্বলতার বিষয়ে তিনি বলেন, এলাকাভিত্তিক প্রচারের জন্য প্রকল্প থেকে কোনো নির্দশনা বা বরাদ্দ কিছুই পাননি তিনি। এমন কি কর্মীদের কাজ করার জন্য ল্যাপটপে বিদ্যুত্ সংযোগ দিতে মাল্টিপ্লাগও সরবরাহ করা হয়নি।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, সোমবার কার্ড বিতরণে কিছু সমস্যা হয়েছে। মঙ্গলবার থেকে আর কোনো সমস্যা হবে না। কারণ সোমবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, সুষ্ঠুভাবে কার্ড বিতরণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হেল্প ডেস্ক ১০৫
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসির এনআইডি উইং। যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা। এসএমএস-এর মাধ্যমে বিতরণের তারিখ ও কেন্দ্র জানতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে (যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে) ১০৫ নম্বরে পাঠাতে হবে। যারা ভোটার হয়ে এখনো এনআইডি পাননি তাদের প্রথমে SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর স্পেস দিয়ে D লিখে yyy-mmm-ddd ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজে বিতরণের তারিখ ও বিতরণ কেন্দ্র জানিয়ে দেবে এনআইডি উইং। ইত্তেফাক











