৪০ হাজার বর্গফুটের বার্ষিক ভাড়া ১ টাকা!
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে ৪০ হাজার বর্গফুট আয়তনের জায়গার বার্ষিক ভাড়া মাত্র ১ টাকা। এটা কোনো আজগুবি গল্প নয়। দুঃখজনক হলেও এমনই বাস্তবতা বিবর্জিত ঘটনা ঘটেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি)।

সেখানে ২০১০ সালের শেষের দিকে পাবলিক হেলথ বিষয়ের এমপিএইচ স্কুলটি করতে আইসিডিডিআরবির মূল ভবনের ষষ্ঠ তলার প্রায় ৪০ হাজার ৫০০ বর্গফুট আয়তনের জায়গা মাত্র ১ টাকা বার্ষিক ভাড়ায় ৪৯ বছরের জন্য বেসরকারি সংস্থা ব্র্যাককে লিজ দেওয়া হয়েছে।
এমন অভিযোগসহ উন্নয়ন ও গবেষণাকাজে অন্তত ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আইসিডিডিআরবির ঊর্ধ্বতন বেশকিছু কর্মকর্তার বিরুদ্ধে। আর ওই অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে মাত্র ১ টাকায় ৪০ হাজার বর্গফুটের বেশি জায়গা ভাড়া দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। এ ছাড়া উন্নয়ন ও গবেষণাকাজে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই সঙ্গে দুদকের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিনকে অনুসন্ধান ও পরিচালক এ কে এম জায়েদ হোসেন খানকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানটিতে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনেও প্রমাণিত হয়েছে। এখন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়াসহ অভিযোগটি আরো বেশি খতিয়ে দেখার জন্য দুদকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দুদক সূত্র জানায়, সরকার প্রতিবছর আইসিডিডিআরবির উন্নয়ন ও গবেষণাকাজের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। ২০০৭ সালে গবেষণা ও হাসপাতালের কাজ সম্প্রসারণে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। সেই টাকায় আইসিডিডিআরবি মূল ভবনের চতুর্থ তলা থেকে অষ্টম তলার কাজ শুরু হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও চুক্তি অনুযায়ী কাজের তেমন অগ্রগতি না হওয়ায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনে দেখা যায়, ১০০ কোটি টাকার মধ্যে ২০ কোটি টাকা সম্পূর্ণ অবৈধ পথে ও ভুয়া উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে। যার কোনো সদুত্তর আইসিডিডিআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা দিতে পারেননি।
তদন্ত কমিটি এ অনিয়মের জন্য আইসিডিডিআরবির চারজনকে দোষী সাব্যস্ত করে। তারা হলেন তৎকালীন নির্বাহী পরিচালক ড. আলেজান্দ্র ক্রাভিওতো, অর্থ পরিচালক অনিরুদ্ধ, সিনিয়র ম্যানেজার মো. মিজানুর রহমান ও কন্ট্রোলার (ফাইন্যান্স) এম এ মতিন।
অভিযোগ সূত্রে জানা যায়, ড. আলেজান্দ্র ক্রাভিওতো নির্বাহী পরিচালক থাকা অবস্থায়ই ড. টিমোথি ইভান্স আইসিডিডিআরবির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। চেয়ারম্যান পদে আসার পরেই ২০০৯ সালে তিনি ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেন। এতে বলা হয়, ব্র্যাকের অধীনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ নামে একটি স্কুল খোলা হবে। আইসিডিডিআরবি কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) থেকে পাওয়া আর্থিক অনুদান থেকে প্রতিবছর সেই স্কুলে এক লাখ ডলার দেওয়া হবে। সেই অর্থে বাংলাদেশি শিক্ষার্থীদের এমপিএইচ-এ সহযোগিতা ও জনস্বাস্থ্যের প্রসারে কাজ করা হবে। চুক্তিতে ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এফ এইচ আবেদ এবং আইসিডিডিআরবির পক্ষে তৎকালীন নির্বাহী পরিচালক ড. আলেজান্দ্র ক্রাভিওতো স্বাক্ষর করেন।
কিন্তু সংশ্লিষ্টদের মতে, একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি সম্পূর্ণ অবৈধ। এখানেই শেষ নয়, পরে ২০১০ সালের শেষের দিকে এই এমপিএইচ স্কুল করার জন্য আইসিডিডিআরবির মূল ভবনের ষষ্ঠ তলার প্রায় ৪০ হাজার ৫০০ বর্গফুট মাত্র ১ টাকা বাৎসরিক ভাড়ায় ৪৯ বছরের জন্য ব্র্যাককে লিজ দেওয়া হয়।
আইসিডিডিআরবিকে রাজধানীর মহাখালীতে গবেষণা ও হাসপাতাল পরিচালনার জন্য চার একর জমি দেয় সরকার। নিয়মানুযায়ী প্রতি ২৫ বছর পরপর এ চুক্তি নবায়ন করতে হয়। অথচ সরকারের দেওয়া জমিতে সরকারি অনুদানে নির্মিত ভবনের স্থান উন্নততর গবেষণায় বা হাসপাতাল সম্প্রসারণে ব্যবহার না করে অপর একটি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ।
অন্যদিকে ব্র্যাককে ব্যবহার করতে দেওয়ায় নিজস্ব প্রয়োজনে এখন প্রতিষ্ঠানটিকেই অন্যত্র অফিস ভাড়া করতে হচ্ছে। বেশ কিছু প্রকল্পের জন্য বাইরে অফিস ভাড়া নিতে হয়েছে। এর মধ্যে তেজগাঁওয়ে একটি গুদাম ঘর, গুলশানে ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট এবং বনানীতেও ভাড়া ঘরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইসিডিডিআরবি। সেই সঙ্গে গবেষণাগারে বায়ো সেফটি ও কোয়ালিটি অ্যাসুরেন্সের যেসব নিয়মকানুন মানা উচিত, শুধু স্থান সংকুলান না হওয়ায় সেটা মানা সম্ভব হচ্ছে না। এমনকি বছরে যখন ডায়রিয়া ও কলেরা মহামারিতে রূপ নেয়, তখন রোগীদের বাইরে তাঁবু খাটিয়ে চিকিৎসা দিতে হয়। যা রোগীদের জন্য যেমন কষ্টদায়ক, তেমনি চিকিৎসকদের জন্য বিব্রতকর।
অভিযোগে বলা হয়েছে, অসংগতিপূর্ণ চুক্তিতে ড. আলেজান্দ্র ক্রাভিওতো স্বাক্ষর করলেও এর মূল কারিগর ছিলেন ড. টিমোথি ইভান্স। পরে ড. টিমোথি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একটি ডিভিশনের (ইউনিভার্সাল হেলথ কভারেজ) প্রধান হিসেবে যোগ দেন। একই সঙ্গে ব্র্যাক পরিচালিত জেমস পি গ্রান্ট স্কুলের ডিনের পদও গ্রহণ করার অভিযোগ রয়েছে। এ ছাড়া ড. টিমোথি ইভান্স জেমস পি গ্রান্ট স্কুলকে আইসিডিডিআরবির সমপর্যায়ের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেন। যদিও আইসিডিডিআরবির কর্মীদের আন্দোলনের মুখে তা এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়।
প্রতিষ্ঠানটির এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইসিডিডিআরবির কর্মীরা ২০১৫ সালের ২৪ জুন ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। যে আন্দোলন এখনো চলছে বলে অভিযোগে বলা হয়েছে। আন্দোলনের জের হিসেবে আইসিডিডিআরবির বোর্ড অব ট্রাস্টির আরেক সদস্য এলিজাবেথ মেসনকে ব্র্যাকের সঙ্গে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী চুক্তির কারণ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
তদন্তে দেখা গেছে, চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট আইসিডিডিআরবি কর্মকর্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৫ লাখ ডলার দিয়েছে ব্র্যাক। এটি কী কাজে ও কেন নেওয়া হয়েছিল তার কোনো দলিল নেই। কিন্তু এত কিছুর পরেও প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টি বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
১৯৭৮ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে গবেষণা ও হাসপাতাল কার্যক্রম চালিয়ে আসছে আইসিডিডিআরবি। ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইন আবিষ্কারের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
এ বিষয়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, অনুসন্ধানের দায়িত্ব পাওয়ার পরই অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো তথ্য দেওয়া যাবে না।











