১৫ বছর বয়সেই সরকারি চাকরি!
ধামরাই(ঢাকা) প্রতিনিধি : সরকারি চাকরি নিতে যেখানে বয়স লাগে নূন্যতম ১৮ বছর। অথচ মাত্র ১৫ বছর বয়সেই সরকারী চাকরি নিয়েছে এক নারী। এছাড়া তিনি এক কর্মস্থলেই কাটিয়ে দিয়েছেন ২৯টি বছর। এরূপ ঘটনা হয়ত ইতিহাস হয়ে থাকবে সরকারী চাকরির ক্ষেত্রে। তবে প্রশ্ন থেকে যায় এই ২৯ বছরে কি কোন কর্মকর্তার নজরে আসেনি যে সরকারি বিধিমালা ভঙ্গ করে চাকরিতে যোগদানের বিষয়টি?
অনুসন্ধানে জানা গেছে, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাউসাইদ গ্রামের আফরোজা আক্তারে বয়স যখন ১৫ বছর ৩ মাস ১৮ দিন তখন তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন। তাঁর এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রে(জাতীয় পরিচয়পত্রের নম্বর-১৯৭২৯৩২৯৫১২২৮৮৮৮৬) জন্ম তারিখ লেখা রয়েছে ১৩.০৩.১৯৭২ খ্রিঃ। তিনি চাকুরিতে যোগদান করেছেন ০১.৭.১৯৮৭ ইং খ্রিস্টাব্দে। তিনি দ্বিতীয় বিভাগে এসএসসি পাশও করেছেন ১৯৮৭ ইং সনে। এতে দেখা যায় ওই শিক্ষিকার বয়স যখন ১৫ বছর ৩ মাস ১৮দিন তখন তিনি চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি যোগদান করেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে। যোগদানের পর থেকে তিনি একই বিদ্যালয়ে প্রায় ২৯ বছর কাটিয়েছেন। ওই সময় নাগরপুর থানার শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ছিলেন মোঃ জাহিদ হোসেন খান। তিনিই ওই শিক্ষিকার যোগদানপত্র গ্রহন করেন। বর্তমানে ধামরাই উপজেলার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে চাকরি করছেন। এ বিদ্যালয়ে যোগদান করেছেন ০৩.৪.২০১৬ ইং তারিখে। সরকারী বিধি মোতাবেক সরকারী চাকরি পেতে হলে একজন ব্যক্তির বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। কিন্তু ওই শিক্ষিকার বেলায় তা প্রযোজ্য হয়নি। ওই শিক্ষিকার দেওয়া অনুযায়ী পিতার নাম মোঃ ফজলুল করিম,গ্রাম-বাউসাইদ, থানা-নাগরপুর,জেলা-টাঙ্গাইল। পিতার বর্তমান ঠিকানা-সাং-আদি টাঙ্গাইল,পোঃ ও জেলা-টাঙ্গাইল।
১৮ বছর বয়স না হলেও কিভাবে সরকারী চাকরি নিয়েছেন এরূপ প্রশ্ন করা হলে শিক্ষিকা আফরোজা আক্তার বলেন,আমার বাবা ছিলেন থানা শিক্ষা অফিসার। তিনি সবকিছু বুঝেই চাকরি দিয়েছেন। এছাড়া তিনি বলেন,বয়স একটা ব্যাপারই না। বয়স কম থাকলেও অনেকেই সরকারী চাকরি করতেছেন। তিনি আারো বলেন,আমি রেজিষ্টার্ড প্রাইমারী স্কুলে চাকরি নিয়েছি। তখন বয়স কম হলেও এটা সমস্যা নয়। যখন অবসরে যাব তখন সরকার বয়স কম ধরেই পেনশনের হিসাব করবে।
এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন,সরকারি চাকরি পেতে হলে একজন নাগরিকের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। তবে যেহেতু বিষয়টা জানলাম তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম বলেন,বয়স কম হলে সরকারি চাকরিতো দুরের কথা আবেদন করার যোগ্যতাই রাখেনা কোন নাগরিক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন,১৮ বছরের নিচে কোন নাগরিকের সরকারি চাকরি আবেদনই করতে পারবেনা। তিনি আরো বলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষিকার বিষয়ে প্রতিবেদন পাঠালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।











