নির্বাচনের নামে মানুষ হত্যাকারীরাই জঙ্গিবাদের হোতা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করেছে তারাই সাম্প্রতিক জঙ্গিবাদের মূল হোতা।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের জঙ্গিবাদের বিরুদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা দেশে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে তাদের বিচার হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ভার্জিনিয়ারি যে হোটেলে অবস্থান করছেন, জন্মদিন উপলক্ষে সেখানেই ছোট্ট আয়োজন। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এ অনুষ্ঠানেও কাটছাট করা হয়, ছিলো না কেক কাটার আয়োজন। তারপরও ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মী সমর্থকরা যোগ দেন এ আয়োজনে।
ভার্জিনিয়ার হোটেল রিজ কার্লর্টন এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ৮১ সালে দেশে ফেরার পর এই প্রথম কিছুটা অবকাশ সময় কাটিয়েছেন। কৃতজ্ঞতা জানান প্রবাসীদের ভূমিকার জন্য। প্রতি জন্মদিনে যে বয়স বেড়ে যাচ্ছে কিছুটা রসিকতা করে তাও মনে করিয়ে দেন।
দেশের ভাবমূর্তি উজ্জলে প্রবাসীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কঠোর ভাবে জঙ্গিবাদ দমনে সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে তার জীবন সংগ্রাম নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।











