কুড়িগ্রাম ও ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
কুড়িগ্রাম রৌমারি উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুখু মিয়া (২৮) এবং ঝিনাইদহে মহেশপুর উপজেলার বাঘা ডাঙ্গা সীমান্তে জসিম মন্ডল (২৭) নামে গরুর ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছে দুখু মিয়াকে হত্যা করা হয়। ভোরে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার হাজরা বিএসএফ ক্যাম্প এলাকায় জসিম মন্ডলকে গুলি করা হয়। নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জসিম বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর মুখোমুখি হয়। এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যায়।
জসিমের মরদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে জানান বিজিবির ওই কর্মকর্তা।











