রুট পারমিট ছিল না সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া ট্রলারটির
নিউজ ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলা মসজিদবাড়ি বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া একতলা যাত্রীবাহী ট্রলার ‘এমএল ঐশি’র রুট পারমিট ছিল না। আজ বুধবার এ তথ্য জানান বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘ওই ট্রলারটির কোনো রুট পারমিট ছিল না। অনুমোদন ছাড়াই অবৈধভাবে ট্রলারটি ওই রুটে যাত্রী পরিবহন করছিল।’
এ বিষয়ে ট্রলার মালিক ও স্টাফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ ব্যাপারে বরিশালের এসপি এস এমএসপি আক্তারুজ্জামান বলেন, বানারীপাড়া থেকে ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি উজিরপুরের হাবিবপুর যাচ্ছিল। সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি পয়েন্টে ঘাটে যাত্রী ওঠানোর সময় কাত হয়ে লঞ্চটি ডুবে যায়। বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
উল্লেখ্য, আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেল পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে তিন জন নারী রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।











