বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্টকার্ড বিতরণে ইসির নেই কোন সুষ্ঠু পরিকল্পনা

 

নিজস্ব প্রতিবেদক : ৩ অক্টোবর থেকে দেশের নাগরিকের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেওয়ার কাজ শুরু করার কথা থাকলেও, কীভাবে এটি নাগরিকের হাতে পৌঁছে দেওয়া হবে তার কোনো সুষ্ঠু পরিকল্পনা এখনো করা হয়নি। নির্বাচন কমিশন (ইসি) এখন মূলত ২ অক্টোবরের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছে। এমনটাই জানালেন ইসি কর্মকর্তারা

 

%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3

২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরের দিন ৩ অক্টোবর থেকেই এটি বিতরণ কার্যক্রম শুরু করতে চায় সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। অন্যদিকে ইসি সূত্রে জানা যায়, ২ অক্টোবর উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ২১টি উপ-কমিটি গঠন করেছে ইসি। কিন্তু এসব কমিটিতে থাকা বেশিরভাগ কর্মকর্তারা তাদের দায়িত্ব সম্পর্কে জানেন না।

সূত্রের মাধ্যমে জানা যায়, উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সার্বিক কার্যক্রম অগ্রগতি নিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যালোচনা সভা করে ইসি। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য গঠিত কমিটির কাছে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ কর্মকর্তাই তাদের দায়িত্ব সম্পর্কে জানেন না বলে উল্লেখ করেন।

এছাড়া সূত্র আরো জানায়, যারা মাঠ পর্যায়ে এই কার্ড বিতরণ করবেন তাদের সঙ্গে এখনো সমন্বয় করা হয়নি। আর বিতরণ কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি ইসি।

এমনকি যে কমিটিতে তাদের নাম রয়েছে, সেই বিষয়ে তারা কিছুই জানেন না। শুধুমাত্র কাগজে-কলমে কমিটিতে রয়েছেন। এছাড়া সভায় ইসির দায়িত্বশীল কর্মকর্তা ও ঢাকার থানা কর্মকর্তারা কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে অনেকটা হতাশা প্রকাশ করেছেন।

কর্মকর্তাদের মতে, ৩ অক্টোবর থেকে ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। কিন্তু নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার পাশাপাশি কিভাবে কার্ড বিতরণ করা হবে, সেই কর্মপরিকল্পনার কথা এখনো জানে না ইসির মাঠ কর্মকর্তারা।

মাঠ কর্মকর্তারা বলছেন, কার্ড বিতরণের কর্মসূচি ঘোষণা হয়েছে। শত শত মানুষ কার্ডের জন্য লাইনে দাঁড়াবেন। তখন একজন নাগরিকের ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি, পুরাতন কার্ড জমা নেওয়ার এবং নতুন কার্ড খুঁজে পেতে দীর্ঘ সময় লাগবে।

এই কার্ড নিতে আসলে নাগরিকদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে। তখন এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কাও রয়েছে। এছাড়া বিতরণের জন্য পর্যাপ্ত লোকবলও লাগবে। কিন্তু ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তা এসব বিষয় নিয়ে ইসির কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ও করছে না।

এনআইডি নম্বরের আগে জন্ম সাল লেখা থাকতো তাই এটি বিতরণের সময় সাল ধরে করলে সহজ হতো কিন্তু এখন ১০ ডিজিটের কার্ড বিতরণের সময় কার্ড খুঁজে পেতে কোনো সমস্যা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, ঢাকা সিটিতে ভোটার তালিকা ধরে এটি বিতরণ করা হবে। তাই কোনো সমস্যা হবে না। যেমন ঢাকার দুই সিটিতে ৯৭টি ওয়ার্ড আছে। প্রত্যেক ওয়ার্ডে একটি করে ক্যাম্প করা হবে। আর কবে কোন ওয়ার্ডে এটি দেওয়া হবে তা আগেই সেই ওয়ার্ডে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে, ইসি সচিবের বক্তব্যের বিষয়ে অনেক জেলা নির্বাচন কর্মকর্তারা কিছু জানেন না বলে জানান তারা।

ইসি সূত্র জানায়, গত বছরের ১৪ জানুয়ারি ১৮ মাসের মধ্যে ৯০ মিলিয়ন (৯ কোটি) স্মার্টকার্ড তৈরি করে দেওয়ার জন্য ফ্রান্সের ‘অবার্থার টেকনোলজিস’ নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ইসি। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের জুনে নাগরিকের হাতে স্মার্টকার্ড দেওয়ার কথা ছিল ইসির। কিন্তু সময়মতো না দিতে পারার আশঙ্কা ইসি মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যয় না বাড়ানোর শর্তে এ প্রকল্পে আরো ১৮ মাস সময় বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয়।

ইসির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে মোটামুটি ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। প্রথম থেকে এ সেবা বিনামূল্যে দেওয়া হলেও গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন।

ইসি ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম শুরু করে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। এদের মধ্যে প্রায় ৯ কোটি নাগরিকের হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে।