হজের ফিরতি ফ্লাইট আজ থেকে
হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ শনিবার থেকে। পবিত্র হজ পালন শেষে শনিবার থেকে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের জেদ্দা থেকে রওনা হবে।
ফ্লাইটটি রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত ফিরতি ফ্লাইটে মোট ১ লাখ ১ হাজার ৮২৯ হাজি দেশে ফিরবেন।
গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইট উদ্বোধনের পর ৪ আগস্ট থেকে বিমান হাজিদের পরিবহনে ঢাকা থেকে জেদ্দার পথে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা করে।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ৫ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।
সৌদি আরবের মক্কা থেকে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের সর্বশেষ হজ বুলেটিন সূত্রে জানা গেছে, চলতি বছর সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন বাংলাদেশী হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ৮ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ৫ জন হাজী মারা যান।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
উল্লেখ্য, চলতি বছর সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন ও সৌদি আরবের আভ্যন্তরীণ হাজীর সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৫৩৭ জন।











