আবারও ১২ জেলেকে অপহরণ
নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের দুধমুখী এলাকা থেকে ১২ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। অপহৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা এলাকায়। মুক্তিপণের দাবিতে এ অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৫ সেপ্টেমবর) সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম সুন্দরবনের কয়রা সংলগ্ন দুধমুখী ও ভাইজোড়া এলাকায় মাছ শিকার করা অবস্থায় ওই জেলেদের অপহরণ করে বনদস্যুরা।

জেলে-মহাজন সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাছ ধরার সময় জেলেদের ওপর দুই দফায় হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এ সময় তারা নৌকায় থাকা মাছ লুটে নেয়। পাশাপাশি মুক্তিপণের দাবিতে অন্তত ১২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
জেলে অপহরণের খবর পেয়ে তাঁদের উদ্ধারে ওই এলাকায় কোস্টগার্ড অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান।
এর আগে গত বুধবার ভোরে ধানসিদ্ধির চর এলাকা থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এ ছাড়া ২ সেপ্টেম্বর সুন্দরবনের ভদ্রা নদীর চাউলাবগী এলাকা থেকে ১৩ জেলেকে অপহরণ করে এই জাহাঙ্গীর বাহিনী।











