যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে নতুন আইনের চিন্তা : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রথম ধাপ শেষ। এই বিচারে দণ্ডিত ব্যক্তিদের সম্পত্তির বিষয়ে নতুন আইনের চিন্তা করছে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
আনিসুল হক বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে তা দূর হয়েছে। এখন যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগার বা ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বণ্টনের দাবি উঠেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে এসব সম্পদ নিয়ে কী করা যায়, সে চিন্তাভাবনা চলছে।
মন্ত্রী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের সম্পদের বিষয়ে সরকারের কিছু করার নেই। যেহেতু দণ্ডিতরা সবাই মুসলিম, সেহেতু মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাঁদের মৃত্যুর পর সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকারীরা। যুদ্ধাপরাধের বিচার হয়েছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী। সেখানেও তাঁদের সম্পদের ব্যাপারে কোনো নির্দেশনা নেই। এমন পরিস্থিতিতে সরকার একটি নতুন আইন করার চিন্তা করছে।
উচ্চ আদালতের দুটি রায়ে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধীর দল হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচারের বিধান নেই। ওই আইন সংশোধন করতে হবে।
সংশোধনীর প্রস্তাব অনেক আগেই মন্ত্রিপরিষদে জমা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আইনটি সংশোধন হলে আদালত নির্ধারণ করবেন রাজনৈতিক দলের বিচারের বিষয়টি।
পুরাতন হাইকোর্ট থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম সরিয়ে নেওয়ার যে চিঠি সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি যে চিঠি দিয়েছেন, তার ‘স্পিরিট’ ও মানুষের চেতনা মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় যে দুটি পরস্পর সাংঘর্ষিক, তাহলে তিনি (মন্ত্রী) নিজে প্রধান বিচারপতির কাছে গিয়ে এটি সরানো যাবে না বলে অনুরোধ করবেন।











