বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের ওপর দেশে আর কোনো জঙ্গি নেই : আইজিপি

005_225590নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরী ছিল গুলশানের হলি আর্টিজানের হামলার মাস্টারমাইন্ড। তার ওপরে বাংলাদেশে আর কেউ আছে বলে আমার জানা নেই।’

আজ সোমবার বিকেলে রাজধানীতে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে এক জঙ্গিবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি এ কে এম শহীদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপি শহীদুল হক বলেন, ‘তামিমের সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড এগুলো আছে। মেজর মুরাদেরও সেদিন তামিম চৌধুরীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকার কথা ছিল। কিন্তু ওই দিন সে ছিল না।’

আইজিপি আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে সব সময় সচেষ্ট রয়েছে পুলিশ। গুলশানে হামলার ঘটনায় বিশ্ব দরবারে বাংলাদেশের শুধু ভাবমূর্তিই নষ্ট হয়নি, অর্থনৈতিকভাবেও অনেক বড় আঘাত এসেছে।

আলোচনায় পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে প্রতিটি প্রতিষ্ঠানের পাঁচজন করে বিতার্কিক অংশ নেন।

শহীদুল হক বলেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর ঘটনার কারণে বাংলাদেশ সারা বিশ্বে জঙ্গি কার্যক্রমের জন্য আলোচিত হয়েছে। এটি ছিল একটি ট্র্যাজেডি। এর ফলে উন্নয়নকর্মী, বিনিয়োগকারীদের মধ্যে ভীতি-আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমাদের দেশের জনগণ ধর্মপ্রিয়। তবে তারা মৌলবাদী চিন্তা করে না। তিনি বলেন, জঙ্গিদের নিয়ন্ত্রণে সফলতা এসেছে। জঙ্গিবাদী অভিযান অব্যাহত আছে এবং এ ক্ষেত্রে জনগণের সমর্থন রয়েছে।

বিতার্কিকদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ভুল বুঝিয়ে, জান্নাতের পথে নেওয়ার স্বপ্ন দেখিয়ে যারা মোটিভেট করতে চায় তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থী বা ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কাউকে কোনো প্রকার নিষেধ করা হয়নি। শুধু বলা হয়েছে, ভাড়াটিয়ার তথ্যগুলো রাখতে।

আইজিপি বলেন, ‘অনলাইন প্রপাগাণ্ডা সম্বন্ধে চোখ-কান খোলা রাখতে হবে। কেউ জঙ্গির পক্ষে একটি পোস্ট দিলে, শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব হবে জঙ্গির বিপক্ষে তিনটি পোস্ট দেওয়া।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, অতীতে যে ছাত্র রাজনীতি ছিল, এখন আর তা নেই। এখন তাদের মধ্যে কেউ কেউ ছাত্র রাজনীতিকে রোজগারের অবলম্বন মনে করে। তবে ছাত্র রাজনীতি থাকা দরকার এবং তা গঠনমূলক হওয়া উচিত। কারণ জাতীয় রাজনীতি সম্বন্ধে তারা জানবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের কাজের মূল্যায়ন জনগণ করবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বাংলাদেশ পুলিশ বাহিনীর জঙ্গিবিরোধী কার্যক্রমে প্রশংসা করে বলেন, গুলশানে হলি আর্টিজানের ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা জীবন দিয়ে প্রমাণ করেছেন পুলিশ মানুষের বন্ধু। শোলাকিয়ায় ঈদ জামাতের আগে পুলিশ যদি নিজের জীবন দিয়ে জঙ্গিদের প্রতিরোধ না করত তাহলে হয়তো সেদিন ঈদ জামাতের পরিবর্তে অন্য কিছু ঘটতে পারত। তাই জঙ্গিবাদ নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা নাগরিক দায়িত্ব, একই সঙ্গে জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা তাদের পরিবার হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

আইজিপি বিতার্কিকদের উদ্দেশে বলেন, তরুণদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শাণিত যুক্তির কথামালায় সব ধরনের অশুভ কাজ প্রতিহত করতে হবে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে তরুণদের সামাজিকীকরণ ও মুক্তবুদ্ধিচর্চা উৎসাহিত করা সম্ভব। তিনি আরো বলেন, জঙ্গি তৎপরতার অভিযোগে আর যেন কোনো শিক্ষক-শিক্ষার্থীকে অভিযুক্ত হতে না হয়, এটা আমাদের প্রত্যাশা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যাতে কেউ তরুণদের আত্মঘাতী পথে নিয়ে যেতে না পারে, সেজন্য তরুণদের ধর্মের প্রকৃত শিক্ষা দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান। সংলাপে ইবাইস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ