সাভারে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার বিকাশ এজেন্টের দুই কর্মীকে গুলি করে নগদ ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।রবিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার ছয়তলা মণ্ডল মার্কেটের সামনে এঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ দু’জনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছয়তলা মণ্ডল মার্কেটের সামনে বিভিন্ন দোকান থেকে টাকা উত্তোলন করেন বিকাশ এজেন্টের কর্মী শুভ (২৭) ও জাহাঙ্গীর আলম (৩৪)। পরে তারা ১৫ লাখ টাকা উত্তোলন শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে আটক করে। এসময় শুভ ও জাহাঙ্গীর আলমের দুই পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ছিনতাই হওয়া টাকা বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হন নি।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











