লবণের দাম বাড়ায় চাষিদের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে লবণের দাম বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের উপকূলীয় এলাকার চাষিদের মাঝে হাসির ঝিলিক দেখা দিয়েছে। মাসখানেক আগেও দেশে উৎপাদিত প্রতি কেজি লবণ পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হয়নি, সেই লবণ এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫ টাকায়। যা দেশের লবণশিল্প তথা চাষিদের জন্য সুখবর।

তবে চলতি সময়টা লবণ উৎপাদনের মৌসুম না হলেও লবণের দাম বৃদ্ধি স্থিতিশীল থাকলে আগামী মৌসুমে দেদারসে লবণ উৎপাদনে মাঠে নামতে পারেন চাষিরা। লবণের দাম বৃদ্ধির খবর চাষিদের মাঝে পৌঁছলে তারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কক্সবাজার অফিসের তথ্যমতে, গেল মৌসুমে দেশের একমাত্র লবণ উৎপাদনকারী অঞ্চল কক্সবাজারের চকরিয়া-পেকুয়াসহ সাত উপজেলার উপকূলীয় এলাকার প্রায় ৬০ হাজার একর এবং বাঁশখালী উপজেলার ৭ হাজার ২৫৬ একর জমিতে লবণ উৎপাদনে নামে চাষিরা।
সরকারিভাবে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ মেট্রিক টন। কিন্তু প্রাকৃতিক বৈরি আচরণের কারণে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি। এ বছর লবণ উৎপাদন হয় ১৫ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার বিপরীতে লবণ উৎপাদনে ঘাটতি থাকায় বিদেশ থেকে দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমতি দেয়া হয় মিল মালিকদের।
চকরিয়ার খুটাখালীর লবণ চাষি ফরিদুল আলম বলেন, ‘মাঠপর্যায়ে প্রতিমণ কালো লবণ বিক্রি হয়ে আসছিল ৮৫ টাকা, মাঠওয়াশ ৯৬ টাকা এবং পলিথিন পদ্ধতিতে ১১৮ টাকা। এছাড়া শ্রমিক নিয়োগ ও পলিথিনের মূল্য মিলে প্রতিমণ লবণ উৎপাদনে খরচ পড়ে ১৩০ টাকা পর্যন্ত। কিন্তু এই মূল্য ন্যায্য নয়। এতে মাঠপর্যায়ের চাষিরা হতাশায় ভুগছিল।’
তিনি আরো বলেন, লবণ উৎপাদনের এখন মৌসুম না হলেও মাঠে মজুদ রাখা লবণ বিক্রিতে ধুম পড়েছে চাষিদের মাঝে। প্রতিকেজি যে লবণ ৫-৬ টাকাও বিক্রি করতে পারনি, সেই লবণ এখন ১৫ টাকা পর্যন্ত পাচ্ছেন চাষিরা। যা চাষিদের জন্য খুবই খুশির খবর। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী মৌসুমে চাহিদার অতিরিক্ত লবণ উৎপাদনের জন্য আঁটঘাট বেঁধে নামবেন চাষিরা।
জানা গেছে, চলতি বছরের লবণ উৎপাদন মৌসুম এপ্রিল মাসে চকরিয়া ও পেকুয়ায় কালবৈশাখী ঝড়ে মারাত্মকভাবে ব্যাহত হয় লবণ উৎপাদন। এতে হাজারো চাষি ক্ষতির শিকার হন। পুরোদমে লবণ উৎপাদনের শেষমুহূর্তে প্রকৃতির এই বৈরী আচরণে মাথায় হাত উঠেছিল চাষিদের।
তবে শেষ মুহূর্তে স্বাভাবিক আবহাওয়ার পাশাপাশি মাত্রাতিরিক্ত রোদে লবণ উৎপাদনের ধুম পড়ে যায় মাঠে মাঠে। প্রখর রোদের মধ্যেও চাষি ও শ্রমিকরা লবণ মাঠে ব্যস্ত সময় কাটান। বাংলাদেশ লবণ চাষি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়ার অন্যতম লবণ ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, ‘গেল বছর লবণ উৎপাদন মৌসুমের শেষদিকে প্রাকৃতিক বৈরি আচরণ দেখা দিলেও সরকারের লক্ষ্যমাত্রার কাছাকাছি লবণ উৎপাদন হয়। তবে বড় বড় লবণ চাষিরা তাদের উৎপাদিত লবণ তখন মিল মালিকদের কাছে বিক্রি না করে মাঠে ও গোডাউনে মজুদ করে রেখেছিলেন দাম একেবারে কম হওয়ায়। গত কয়েকদিন ধরে লবণের দাম বৃদ্ধি পাওয়ায় চাষিরা তাদের মজুদকৃত সেই লবণ এখন বেশি দামে বিক্রি করছে মিল মালিকদের কাছে। এতে চাষিরা আর্থিকভাবে বেশি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আগামী মৌসুমে ব্যাপকভাবে লবণ উৎপাদনের জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।’











