কমেছে পেঁয়াজ-রসুন, ডাল, ডিম ও মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে যথেষ্ট পরিবর্তন এসেছে। বাজারে কয়েকটি পণ্যের দামের হ্রাস-বৃদ্ধি ঘটেছে। পেঁয়াজ, রসুন, ডাল, ডিম ও মুরগির দাম কমলেও বেড়েছে লবণ ও মশলার দাম। তবে স্থান ও বাজারভেদে পণ্যের দামের পার্থক্য অপরিবর্তনীয় রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার, কাওরান বাজার, শ্যামপুর বাজার, রামপুরা কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে খোঁজ নেয়ার পর বাজারের এই চিত্র উঠে এসেছে।
চলতি সপ্তাহে চালের বাজারে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি। গত সপ্তাহের মতো এ সপ্তাহে প্রায় একই দামে চাল বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেজি প্রতি ৪৪ থেকে ৫০ টাকা, নাজিরশাইল ৪২ থেকে ৪৮, পাইজাম ৩৮ থেকে ৪৫, সাধারণ মোটা চাল ৩০ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে মানভেদে কেজিপ্রতি ১০০ থেকে ১৩০ টাকা দরে।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অপেক্ষাকৃত কম দামে বিক্রি হচ্ছে ডাল জাতীয় পণ্য। দেশী মসুরের ডাল ১৩০ থেকে ১৪০, নেপালী মসুর ডাল ১৪০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ৭ টাকা কেজিপ্রতি কম। আমদানিকৃত তুরস্ক ও কানাডার বড় দানার মসুরের ডাল ১০০ থেকে ১১০ টাকা, তুরস্ক ও কানাডার মাঝারি দানার মসুরের ডাল ১১০ থেকে ১২০, অস্ট্রেলিয়ার ছোট দানার মসুর ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুগ ডাল মানভেদে ১০০ থেকে ১১০ টাকা, অ্যাংকর ডাল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।
এ সপ্তাহে বেড়েছে লবণের দাম। লবণ প্যাকেট প্রতি কেজি ২৫ থেকে ৩৫ টাকা; যা গত সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকা, সয়াবিন তেল ৮৮ থেকে ৯০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ৯০ থেকে ৯৫ টাকা, লুজ পামওয়েল ৬৫ থেকে ৬৮, পামওয়েল সুপার ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে আটা ২৫ থেকে ৩৪ টাকা ও ময়দা ৩৪ থেকে ৪২ টাকা দরে কেজিপ্রতি বিক্রি হচ্ছে। গুড়া দুধ ডানো ৫৫০ থেকে ৫৭০, ডিপ্লোমা ৫৪০ থেকে ৫৬০, ফ্রেশ ৪২০ থেকে ৪৫০, মার্কস ৪২০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে কমেছে ডিমের দাম। ফার্মের মুরগির ডিম হালি প্রতি ৩০ থেকে ৩২ ও হাসের ডিম ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহেও মসলার বাজারে এসেছে পরিবর্তন। পেয়াজ রসুনের দাম কমলেও অনান্য মশলার দাম বৃদ্ধি পেয়েছে। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২ থেকে ৩৮ টাকা। আমদানিকরা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। যা কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা হারে দাম কমেছে। ভারতীয় রসুন ১৭০ টাকা থেকে ১৯০ টাকা, দেশী রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৭০ টাকা, আদা মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজিপ্রতি পাওয়া যাচ্ছে।
তাছাড়া মানভেদে হলুদ ১৫০ থেকে ২০০, শুকনা মরিচ ১৫০ থেকে ২০০ টাকা, জিরা ৩৫০ থেকে ৪২০ টাকা, দারুচিনি ২৮০ থেকে ৩৫০ টাকা, লবঙ্গ ১২০০ থেকে ১৫০০ টাকা, এলাচ ১১০০ থেকে ১৬০০ টাকা, ধনে ১২০ থেকে ১৫০, তেজপাতা ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির দাম আগের মতোই রয়েছে। আলু ১৮ থেকে ২৪, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, কাঁচাকলা হালিপ্রতি ১৮ থেকে ২০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, ঝিঙ্গা ৩০ থেকে ৩৫টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৩৫ টাকা, কাঁকরোল ৩০ থেকে ৩৫ টাকা, চিচিংগা ৩৫ থেকে ৪০, ঝিঙে ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া লেবুর হালি ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহেও মাছের বাজারে তেমন পার্থক্য দেখা যায়নি। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও মাছের দাম স্থিতিশীল রয়েছে। মাছের মধ্যে রুই মাছ কেজি প্রতি ২০০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, কাতলা ২২০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাস ১৫০ থেকে ১৮০ টাকা, ইলিশ সাইজভেদে হালি প্রতি ৮০০ থেকে ৩০০০ টাকা, ফার্মের কৈ মাছ কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
চলতি সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কমতে দেখা গেছে। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা; যা গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে। তাছাড়া গরুর মাংস কেজি প্রতি ৪১০ থেকে ৪৩০ টাকা, খাঁসির মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা, লেয়ার ২০০ থেকে ২২০ টাকা, দেশী মুরগি ৩৬০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সিটি কর্পোরেশন গরু, খাসি ও ভেড়ার মাংসের জন্য মূল্য নির্ধারণ করেছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্য অনুযায়ী মাংসের সর্বোচ্চ দাম গরুর ৪২০, খাসির ৫৭০ ও ভেড়ার ৪৮০ টাকা নির্ধারণ করেছে ।











