অক্টোবরে ভোটাররা পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র
নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার প্রহর শেষ। এখন শুধু হাতে উঠে দেয়ার প্রক্রিয়ায় শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১০ কোটি ভোটারদের হাতে আগামী ২ অক্টোবর আন্তর্জাতিক মানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম উদ্ধোধন করবেন। প্রথম দিকে রাজধানীতে ৪৪ লাখ ভোটাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।
দেড় বছরের মধ্যে সারাদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ২ অক্টোবর রাজধানীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরুর সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গের একটি দুর্যোগ প্রবণ এলাকার প্রান্তিক মানুষের মধ্যেও কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি, এর মধ্যে ভোটার ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫শ জন ভোটার। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির মধ্য দিয়ে প্রায় ৮ কোটি ভোটারের হাতে পৌঁছে দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। এবার প্রযুক্তির পথে নতুন মাইলফলক আর নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় ১০ কোটি ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার কাজ শুরু হচ্ছে। সারাদেশে প্রত্যেক ভোটার এলাকায় এক বা একাধিক ক্যাম্প করা হবে। সেখানে গিয়ে ভোটাররা তাদের যার যার পুরনো জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে নতুন কার্ড সংগ্রহ করতে পারবেন।
২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেয়ার সময় ভোটারদেরকে ১০ আঙ্গুল এবং কর্নিয়ার ছাপ দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। এই বিতরণ কার্যক্রম দেড় বছর ধরে চলবে।
সবক্ষেত্রেই এই আইডি ব্যবহৃত হবে। যেকোনো মন্ত্রণালয় বা বিভাগ যে সার্ভিস আমাদের দেবে সেসব ক্ষেত্রে এটাই হবে সবার মূল আইডি নম্বর। নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র এতটাই নিরাপদ যে কেউ ইচ্ছা করলে এটা নকল করতে পারবে না। তারপরও করতে চাইলে অন্তত ২ মিলিয়ন ডলার খরচ করতে হবে।











