চতুর্মুখী সংকটে চ্যালেঞ্জে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : টানা ১০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি প্রতিষ্ঠার ৩৮তম বার্ষিকীতে এসে চতুর্মুখী সংকট উত্তরণে চ্যালেঞ্জের মুখে রয়েছে, যে পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি দলটি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর আপদকালীন সময়ে হাল ধরা খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি এখন চরম বৈরি সময় পার করছে। দলটির ৩৮ বছরের মধ্যে প্রায় ৩৩ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তিনিই।

দলটির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নামে অসংখ্য মামলা মোকাবিলা, দলে অসন্তোষ দূরীকরণসহ একাদশ নির্বাচন পর্যন্ত রাজনীতির মাঠে টিকে থাকাই- বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিএনপি বড় ধরনের ক্রাইসিসের (সংকট) মধ্য দিয়ে যাচ্ছে স্বীকার করে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এ কথা অস্বীকার করার উপায় নেই যে, আমরা অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। তবে বিএনপি তার লক্ষ্যে অভীষ্ট আছে। বিএনপির আদর্শ হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গড়ার।’
তিনি বলেন, ‘একটি মানুষের জীবনে যেমন উত্থান-পতন থাকে, তেমনি বিএনপির ওপর দিয়ে বিরাট চ্যালেঞ্জ যাচ্ছে। জাতি হিসেবেও আমরা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি।’
সাংগঠনিকভাবে বিএনপি এখনো গুছিয়ে উঠতে পারেনি জানিয়ে মাহবুবুর রহমান বলেন, ‘আমি মনে করি, সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। এখনো আমরা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। এ জন্য অনেকগুলো ধাপ এগোতে হবে।’
তবে দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম মনে করেন এই সংকট শুধু বিএনপির নয়, পুরো বাংলাদেশের।
রাইজিংবিডিকে তিনি বলেন, ‘এই সময়টি শুধু বিএনপির জন্য নয়, স্বাধীনতার পর থেকে বিএনপি এবং বাংলাদেশ এতটা কঠিন সময় আর পার করেনি।’
‘রাজনীতিকভাবে বিএনপিকে কোণঠাসা করার, তছনছ করে দেওয়ার এবং ধ্বংস করে দেওয়ার সব রকমের ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা অনেক অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, গুম-খুনের শিকার হওয়ার পরও এখন পর্যন্ত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শক্তিশালী আছে।’
তিনি বলেন, ‘সংকটকালীন সময়ের মধ্যেও বিএনপি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ইস্যুতে ভূমিকা পালন করছে। বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনে ভূমিকা আছে। ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেও বিএনপির শপথ হচ্ছে, এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাওয়া।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের এক পটভূমিতে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। প্রথমে তিনি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে বিভিন্ন দল ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন, যা পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে রূপান্তরিত হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তবে প্রতিষ্ঠার ৩৮ বছরের মধ্যে প্রায় ৩৩ বছর ধরেই সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আসছেন দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লন্ডনে বসবাসকারী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভূমিকা রাখছেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সামরিক বাহিনীর সদস্যদের হাতে জিয়াউর রহমান নিহত হলে দলটি প্রথমবারের মতো সংকটে পড়ে। তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার সাময়িক সময়ের জন্য সরকার ও দলের হাল ধরলেও ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের হাতে তিনি ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাত্তারের ক্ষমতাচ্যুতির পর বিএনপি প্রকৃত অর্থেই অস্তিত্ব-সংকটের মুখে পড়ে। মওদুদ আহমদসহ বিএনপির অনেক নেতাই জেনারেল এরশাদের সরকারে যোগ দেন। দলের সেই সংকটকালে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।
জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার ‘আপসহীন’ ভূমিকা দলটিকে ১৯৯১ সালে ক্ষমতায় আনে বলে মনে করা হয়। এরপর ২০০১ সালে আবারও ক্ষমতায় আসে দলটি। রাজনীতিতে আসার পর খালেদা জিয়া মোট চারবার গ্রেপ্তার হলেও ১/১১ এর মতো সংকটে পড়েনি বিএনপি। সর্বশেষ ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেপ্তার হন তিনি। তবে সেই সময়ে চাপের মুখেও সংকট সামাল দিতে পেরেছে দলটি।
বিএনপির বর্তমান দলীয় কর্মকাণ্ড এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতামত পর্যালোচনা করে দেখা গেছে, রাজনীতির মাঠে এর আগে কখনো এমন কোণঠাসা পরিস্থিতিতে পড়েনি দলটি। বর্তমানে দলটির চেয়ারপারন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি দুদকের করা মামলা, বাকি মামলাগুলোর মধ্যে হত্যা, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে।
এ ছাড়া দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মানহানির একটি মামলায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এরই মধ্যে সম্প্রতি অর্থ পাচারের এক মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নামে অসংখ্য মামলা রয়েছে। খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতারা আগামী একাদশতম নির্বাচনে অংশ নিতে পারেবন কি না- সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির দায়িত্বশীলরা।
দলের এই পরিস্থিতিতে সম্প্রতি নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। এতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিভাজন ভুলে ঐক্য সৃষ্টি হবে বলে মনে করা হলেও কার্যত হয়েছে উল্টোটা। কমিটি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে নির্বাহী কমিটি থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেও। এই অবস্থায় দলের পারস্পরিক বিভেদ দূর করে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে নেতা-কর্মীদের মাঝে আত্মবিশ্বাস ফেরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপির সামনে।
দলের বর্তমান পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করতে গিয়ে সদ্য কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদ পাওয়া একজন নেতা রাইজিংবিডিকে বলেন, আগামী দুই বছরে বিএনপির আন্দোলনে যাওয়ার মতো অবস্থায় নেই। সাংগঠনিক সেই শক্তিও দলের নেই। সেজন্য বিএনপি এখন আগামী নির্বাচনের দিকে টার্গেট করেই এগোচ্ছে। ‘গণতন্ত্র ফেরাতে’ বিএনপি এখন আন্দোলনের এমন পর্যায়ে আছে, যেখানে খুব বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। কারণ সরকারের চাপ তো আছেই, সেই সঙ্গে কমিটি গঠন নিয়ে দলের মধ্যে পারস্পরিক ঐক্যের জায়গাটিও বেশ নড়েচড়ে গেছে।
দু’দফায় আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ বিএনপি শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে। সম্প্রতি সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দেন খালেদা জিয়া। তার ওই ডাকে বিভিন্ন দল জামায়াত ত্যাগের শর্ত দিলেও সেই বিষয়ে বিএনপির স্পষ্ট কোনো প্রতিক্রিয়া না পেয়ে সরে দাঁড়ায়। কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী তার সঙ্গে বৈঠক করলেও সেই প্রক্রিয়া বেশি দূর এগোয়নি। বিএনপি দলে বহুমতের সম্মিলন ঘটানোর সামর্থ্য তো হারিয়েছেই, সেই সঙ্গে দলের ঐক্য বা অভ্যন্তরীণ সংহতি এখন বড় ধরনের প্রশ্নের মুখে।
তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ মনে করেন বিএনপির মূল সমস্যা ‘কনফিডেন্সের (আত্মবিশ্বাসের) অভাব’।
রাইজিংবিডিকে তিনি বলেন, ‘বিএনপি কোনো সংকট নেই। যেটি আছে সেটি হচ্ছে, সেল্ফ কনফিডেন্সের অভাব। দলের মধ্যে আত্মবিশ্লেষণ করা দরকার। আত্মবিশ্বাসে উদ্ভুদ্ধ হওয়া দরকার। বৃহৎ কোনো সংকটের মধ্যে নেই বিএনপি। সাহস করে শুধু উঠে দাঁড়ানো দরকার।’











