বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল বিরোধীদের দেশবিরোধী বলায় বিস্মিত সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক : রামপাল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের অর্থের সূত্রের বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী আন্দোলনরতদের বাংলাদেশবিরোধী শক্তির দাবার ঘুঁটি বলে উল্লেখ করায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্যে বিস্মিত ও মর্মাহত।

sultanakamal_48995

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক সর্বশেষ পরিস্থিতি : নাগরিক সমাজের প্রতিক্রিয়া’ ব্যক্ত করতে এই সংবাদ এক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে মূল বক্তব্য পাঠ করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল।

সুলতানা কামাল বলেন, একজন সংগ্রামী জননেত্রী কর্তৃক অন্যের সংগ্রামকে খাটো করে দেখার এমন প্রবণতায় আমরা হতবাক হয়েছি। রামপালবিরোধী আন্দোলনকে দমনেরও হুমকি দেয়া হয়েছে। এসবের বিপরীতে আমরা শুধু স্পষ্ট করতে চাই, সুন্দরবনের ওপর পরিবেশগত হুমকির প্রেক্ষাপটে সরকার ও সুন্দরবনের প্রকৃত মালিক এদেশের জনগণকে অবহিত করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়াকে আমরা আমাদের সংবিধানিক কর্তব্য ও অধিকার বলে মনে করি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আন্দোলনের সাথে এ বিষয়ে বিএনপির সাম্প্রতিক অবস্থানকে সম্পৃক্ত করা হয়েছে। যা মোটেই সত্য নয়। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা এও স্মরণ করিয়ে দিতে চাই কানসাটে আন্দোলনরত গ্রামবাসীর পাশে এবং ফুলবড়িতে উন্মুক্ত পদ্ধতির কয়লা উত্তোলনের বিরুদ্ধে আমাদের আমাদের অবস্থানকে তৎকালীন বিএনপি সরকার সেই সময়ের বিরোধীদলের সাথে আমাদের অশুভ আঁতাতের ফল হিসেবে আখ্যায়িত করেছিল।

তিনি আরো বলেন, সকল সময়ই ক্ষমতাসীন সরকার তাদের কার্যক্রমের সমলোচনাকে ঢালাওভাবে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কানসাটের এবং ফুলবাড়ির সপল আন্দোলন প্রমাণ করেছে ক্ষমতাসীনদের এমন দোষারোপ সঠিক নয়, ভ্রান্ত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সৈয়দা রিজিয়া হাসান, অধ্যাপক এম এম আকাশ, খুশী কবির, ডা. আবদুল মতিন, শরিফ জামিল প্রমুখ।