রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
তার জামিন নিয়ে জারি করা রুল নিষ্পত্তির পর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলি আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়।
এরপর মান্নার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের এই আবেদন করেন, যার ওপর ২১ মার্চ শুনানি হয়। সেদিন শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেন।
আজ মঙ্গলবার সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নাকে স্থায়ী জামিন দেন। তবে মান্নার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে আরেকটি মামলা থাকায় তিনি এখন মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।











