দ্বিতীয় দিনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রির শুরুর আগের রাত থেকেই স্টেশনে অবস্থান নেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টা থেকে ৮ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হয়।
সকালে দেখা গেছে প্রতিটি কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন লোকজন। তবে কাউন্টার থেকে টিকিট দিতে দেরি করায় অনেকেই এ সময় বিরক্ত বোধ করছিলেন।
টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, টিকিট প্রদানের ধীর গতির জন্য দুর্ভোগ পেহাতে হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ টিকিট থাকার ঘোষণায় শেষ পর্যন্ত টিকিট পাবেন বলে বিশ্বাস অপেক্ষারতদের।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বিক্রির প্রথম দিন প্লাটফর্মে টিকিট প্রত্যাশীদের ১৮টির মতো লাইন দেখা গেছে। এবার রেল কর্তৃপক্ষ ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করছেন। প্রতিদিনই সকাল সকাল ৮টায় অগ্রিম টিকিট দেয়া হবে।
সূচি অনুযায়ী, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।
৫ সেপ্টেম্বর শুরু হবে ফিরতি টিকিট বিক্রি, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে ঈদে স্পেশাল ট্রেন সার্ভিস নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, ঈদের আগে ৯-১১ আগস্ট এবং ঈদের পর সাত দিন পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে।
এছাড়া ঈদের দিন চলাচল করবে সাত জোড়া ট্রেন। স্পেশাল এসব ট্রেনের সঙ্গে অতিরিক্ত আরও যাত্রী বহনে নতুন করে যুক্ত হবে ১৪৯টি যাত্রীবাহী কোচ এবং ১৮টি ইঞ্জিন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে সারা দেশে এক লাখ ৬০ হাজার যাত্রী টানবে রেল।











