বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পরিবারের পদক নিয়ে যা বললেন জাফরুল্লাহ

DrJafarullahনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি কী স্মরণ রাখছেন, আপনার পরিবারের কয়জনের এই স্বাধীনতার পুরস্কার আছে। যদি জিয়াউর রহমানের পদক প্রত্যাহার করেন, আপনাদের পরিবারের যতজন পেয়েছেন, তাদের পদক প্রত্যাহার করা দরকার।’

শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের সময় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা প্রয়াত জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

বঙ্গবন্ধু ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ক্রীড়ায় শেখ কামালকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর ফুফা আব্দুর রব সেরনিয়াবাত ও ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনিও মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন।

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রয়াত জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার দুটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়।

এই পদক প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর পাশে থাকা ‘পরামর্শকদের’ দায়ী করে তাদের সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, “জিয়াউর রহমান, সে মুক্তিযোদ্ধা… সেক্টর কমান্ডার; এতে কোনো সন্দেহ নেই, কারো আপত্তি নেই। মারা যাওয়ার পরে গতকাল আপনারা কী সিদ্ধান্তটা নিলেন? এটা একটা সিদ্ধান্ত হলো?

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “….নির্দেশ দেওয়া উচিৎ… আমরা যারা পেয়েছি, আমাদের পদকও ফেরত দেয়ার জন্য। তা না হলে অন্যায়… এভাবে লুকোচুরি খেলা করে লাভ হবে না।

“আপনি জনগণের স্বার্থে সহনশীল হোন, সহিষ্ণুতার পরিচয় দেন, আজকে দেশকে উদ্ধার করতে হলে এই জাতীয় যে কাণ্ডকলাপ করছেন, এটা দেশের জন্য ক্ষতিকর, আপনার পরিবারের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। এটা কারোর জন্য মঙ্গলকর নয়।”